দর্শকদের ওপর উঠে গেল রেসের গাড়ি, নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক: শ্রীলংকার সেনাবাহিনী রোববার একটি মোটর স্পোর্ট ইভেন্টের আয়োজন করেছিল। অনেকটা খোলা ময়দানে রাস্তার পাশে ছিল প্রচুর দর্শক। কার রেস চলার সময় হঠাৎ একটি গাড়ি প্রবল বেগে দর্শকদের মধ্যে ঢুকে পড়ে। এতে কমপক্ষে সাতজন নিহত এবং আরও ২১ জন আহত হয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, ট্র্যাক মার্শালরা একটি উল্টে যাওয়া গাড়ি উদ্ধারের চেষ্টা করছেন এবং অন্য চালকদের গতি কমানোর জন্য হলুদ পতাকা নাড়ছেন। খবর: এনডিটিভি।

এমন সময় কয়েকটি গাড়িকে ধূলি উড়িয়ে প্রচণ্ড গতিতে চলে যেতে দেখা যায়। হঠাৎ একটি লাল গাড়ি ভিড়ের মধ্যে ঢুকে পড়ে। এরপর শুধু আর্তচিৎকার শোনা যায়।

পুলিশের মুখপাত্র নিহাল থালডুয়া বলেন, মোট ২৭ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তাদের মধ্যে সাতজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে আট বছর বয়সি একটি শিশুও রয়েছে।

দুর্ঘটনার কিছুক্ষণ আগে সেনাপ্রধান ভিকুম লিয়ানাগে ঘোষণা করেছিলেন, মোটর স্পোর্টের প্রচারের জন্য সবগুলো গেট দর্শকদের জন্য বিনামূল্যে উন্মুক্ত করা হয়েছে। কোভিড মহামারি এবং ভয়াবহ অর্থনৈতিক সংকটের কারণে পাঁচ বছরের মধ্যে প্রথমবারের মতো দ্বীপ রাষ্ট্রটিতে এমন কার রেস অনুষ্ঠিত হচ্ছে।

উদ্বোধনের সময় সেনাপ্রধান বলেন, আজ একটি খুব বিশেষ দিন…আমরা যে কাউকে বিনা মূল্যে প্রবেশের অনুমতি দেয়ার সিদ্ধান্ত নিয়েছি।

রাজধানী কলম্বো থেকে প্রায় ১৮০ কিলোমিটার পূর্বে ফক্স হিল সার্কিটে রোববার প্রায় ১ লাখ দর্শক ছিল।

প্রসঙ্গত, শ্রীলংকার রাস্তা বিশ্বের মধ্যে সবচেয়ে বিপজ্জনক। এ দেশে ১২ হাজার ৫০০ কিলোমিটার রাস্তায় গড়ে প্রতিদিন আটটি মৃত্যুর খবর পাওয়া যায়।

শ্রীলংকা/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *