দাম কমেছে হার্টের রিংয়ের

নিউজ ডেস্ক: হৃদরোগের চিকিৎসায় ব্যবহৃত হার্টের রিংয়ের (স্টেন্ট) দাম কমেছে। জীবন রক্ষাকারী এসব রিংয়ের দাম ২০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত কমানো হয়েছে বলে জানিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর।

মঙ্গলবার হার্টের রিংয়ের সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে দপ্তরটি।

ঔষধ প্রশাসন জানিয়েছে, হাসপাতালের নোটিশ বোর্ডে হার্টের রিংয়ের তালিকাটি জনগণের জন্য প্রদর্শন করতে হবে। হার্টের রিংয়ের নাম, সর্বোচ্চ খুচরা মূল্য এবং উৎপাদনকারীর নাম উল্লেখ করে পৃথক ক্যাশমেমো দিতে হবে। রোগীকে ব্যবহৃত হার্টের রিংয়ের প্যাকেটের গায়ে ম্যানুফ্যাকচারিং তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ, উৎপাদনকারী দেশ এবং খুচরা মূল্য উল্লেখ করে হার্টের রিং যাতে বিশেষজ্ঞদের ব্যবহারে নির্দেশনা দেয়ার কথা বলা হয়েছে।

এ বিষয়ে মঙ্গলবার সন্ধ্যায় ঔষধ প্রশাসন অধিদপ্তরের মুখপাত্র উপ-পরিচালক ও আইন কর্মকর্তা মোহাম্মদ নূরুল আলম বলেন, হার্টের রিংয়ের (স্টেন্ট) দাম কমিয়েছে সরকার। নির্ধারিত দামের অতিরিক্ত কেউ নিতে পারবে না। ঔষধ ও কসমেটিকস আইন ২০২৩ অনুযায়ী, অধিক মূল্যে কেউ বিক্রি করলে দুই বছরের কারাদণ্ড অথবা দুই লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।

হার্টের রিংয়ের (স্টেন্ট) বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকেরা জানিয়েছেন, হৃদরোগ আক্রান্ত কিছু রোগীর রক্তনালি সরু বা বন্ধ (ব্লক) হয়ে যায়। এতে রক্ত চলাচল বাধাগ্রস্ত হয়। রক্ত চলাচল সচল রাখতে স্টেন্ট ব্যবহার করা হয়। স্টেন্ট অনেকটা কালভার্টের মতো কাজ করে।

হৃদরোগ/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ