দীঘির বিরুদ্ধে মামলা

১০ মার্চ ২০২১ (বিনোদন ডেস্ক): অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘির বিরুদ্ধে মামলা করেছেন পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু।

বুধবার দুপুরে দীঘির বিরুদ্ধে আদালতে কোটি টাকার মানহানির অভিযোগ এনে মামলা করেন এ নির্মাতা। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তিনি নিজেই। বলেন, দীঘি, তার বাবা এবং মামা তিনজনের বিরুদ্ধে মামলা করেছি।

দীঘির প্রথম সিনেমা মুক্তি পেতে যাচ্ছে ‘তুমি আছো তুমি নেই’। ১২ মার্চ মুক্তি পাবে দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত এই ছবিটি।

সম্প্রতি দীঘির প্রথম ছবির ট্রেলার মুক্তি পায়, যা দেখে নেটিজেনরা সমালোচনায় মাতেন। নেটজুড়ে সমালোচনায় বিব্রত হয়ে দীঘি মন্তব্য করেন, ‘ছবিটি মানহীন। এটি চলবে না। দর্শকপ্রিয়তা পাবে না।’

মুক্তি পাওয়ার আগে সিনেমার নায়িকার মুখেই এমন মন্তব্য এর ব্যবসায় নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করেন পরিচালক ঝন্টু।

এর আগে গত ৮ মার্চ একটি ইউটিউব চ্যানেলে ঝন্টু ক্ষোভ ঝাড়েন, ‘নায়িকা হয়েও দীঘি ‘তুমি আছো তুমি নেই’ সিনেমার সমালোচনা করেছে। এটা ঠিক হয়নি। সে নায়িকা। তার কথায় দর্শক বিমুখ হবে। এতে সিনেমাটি চলবে না। দীঘির জন্য ১ কোটি টাকা ক্ষতি হবে আমার। প্রযোজক কী করবে জানি না। কিন্তু আমি ওকে ছাড়ব না। এটা পরিচালকের মানহানির বিষয়। দীঘি যখন বলেছে, ‘সিনেমাটি চলবে না’। তখন পরিচালক হিসেবে আমারও মানহানি হয়েছে। আমি মানহানি মামলা করব দীঘি ও তার মামার নামে। শুটিং, ডাবিংয়ের সময় সিনেমার সংলাপ ও ঘটনা নিয়ে প্রশংসা করেছে দীঘি। কিন্তু এখন কেন সে সমালোচনা করছে? ডেফিনেটলি দেয়ার ইজ সামথিং রং। কেউ ওকে দিয়ে এসব বলাচ্ছে।’

এক সময় উত্তেজিত কণ্ঠে এ নির্মাতা বলেন, ‘আমি দেলোয়ার জাহান ঝন্টু। বাংলাদেশে আরেকটি নেই। উপমহাদেশে আমার মতো একজন চলচ্চিত্রকার নেই। আমি দুই কোটি টাকা নিয়ে সিনেমা বানিয়েছি, ২০ লাখ দিয়েও বানিয়েছি। চলচ্চিত্র মেধা দিয়ে তৈরি হয়, টাকা দিয়ে নয়। ট্রেলার দেখে তো সত্যজিৎ রায়ও মন্তব্য করতে পারবেন না যে, ছবি চলবে কি চলবে না। আর অতটুকুন বাচ্চা মেয়ে বলে ফেলল। ওর মামা কী করে বলে, এই সিনেমা চলবে না। তিনি কী চলচ্চিত্রের লোক?

পরিচালক দেলোয়ার জাহান ঝন্টুর এমন সব বক্তব্যের বিষয়ে দীঘির প্রতিক্রিয়া জানতে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

দীঘি/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *