২২ জানুয়ারি ২০২১ (নিউজ ডেস্ক): তথ্যমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ বলেছেন, দেশের মানুষের সম্মিলিত প্রচেষ্টায় ২০৪১ সালের আগেই বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা হিসেবে গড়ে উঠবে বলে আশা করা যায়।
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে ‘জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশ’-এর নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন মন্ত্রী।
ডক্টর হাছান জেসিআই তরুণদের বলেন, শুধু নিজের বা নিজের পরিবারের জন্যই নয়, স্বপ্ন দেখতে হবে পুরো দেশ ও দেশের মানুষের জন্য। তাহলেই দেশ তার কাঙ্খিত ঠিকানায় পৌঁছুবে।
মন্ত্রী বলেন, ২০০৮ সালের খাদ্য ঘাটতির বাংলাদেশ আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে খাদ্য উদ্বৃত্তের দেশ। বঙ্গবন্ধু কন্যার সুদক্ষ নেতৃত্বে আমরা করোনা মোকাবেলা সক্ষমতায় দক্ষিণ এশিয়ায় প্রথম ও বিশ্বে ২০তম। দেশের এই অভূতপূর্ব অগ্রগতির ধারা অক্ষুন্ন রাখতে তারুণ্যের অমিত শক্তি সবসময়ই অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার শাহ আলী ফরহাদ। বক্তব্য রাখেন জেসিআই-এর নবনির্বাচিত প্রেসিডেন্ট নিয়াজ মোর্শেদ এলিট, ভাইস প্রেসিডেন্ট ইমরান কাদির, ফরচুন সু’জ এর চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমানসহ অন্যরা।
তথ্যমন্ত্রী/এসকেএম
















Leave a Reply