৫ এপ্রিল ২০২২ (নিউজ ডেস্ক): রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) বাজার মূল্য নিয়ন্ত্রণ বিষয়ক স্থায়ী কমিটিকে আরও বিস্তৃত পরিসরে বাজার তদারকি করার নির্দেশ দিয়েছেন সিটি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
মঙ্গালবার নগর ভবনের মেয়র হানিফ মিলনায়তনে রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য যৌক্তিক ও সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে অনুষ্ঠিত সংশ্লিষ্ট অংশীজনদের সাথে মতবিনিময় সভায় মেয়র এই নির্দেশনা দেন।
মেয়র বলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এরই মাঝে আইন অনুযায়ী প্রথমবারের মতো ‘বাজার মূল্য পর্যবেক্ষণ, মনিটরিং ও নিয়ন্ত্রণ’ বিষয়ক স্থায়ী কমিটি গঠন করেছে। এই স্থায়ী কমিটি ইতোমধ্যে অনেকগুলো মার্কেট ও কাঁচা বাজার পর্যবেক্ষণ এবং অভিযান পরিচালনা করেছে।
তিনি বলেন, সরকারের বাণিজ্য মন্ত্রণালয়, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, ঢাকা জেলা প্রশাসনসহ যে সব সংস্থা বাজার মূল্য ও কার্যক্রম তদারকি করে থাকে তাদের সাথে সমন্বয় করে আমাদের স্থায়ী কমিটি রমজানে দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকায় বাজার মূল্য তদারকি কার্যক্রম আরও বিস্তৃত করবে এবং তা বাস্তবায়ন করবে।
মূল্য তালিকা অনুসারে দ্রব্যমূল্যের বিক্রয় নিশ্চিত করা জরুরি উল্লেখ করে তিনি বলেন, সরকারের বাণিজ্য মন্ত্রণালয় ও কৃষি বিপণন অধিদপ্তর হতে বাজারগুলোতে পণ্যের মূল্য তালিকা নির্ধারণ করে দেয়া হয়। কিন্তু সেগুলো যথাযথভাবে মানা হয় না। এছাড়াও কোনও ধরনের যৌক্তিক কারণ ছাড়াই হঠাৎ দ্রব্যমূল্য বাড়িয়ে বিক্রি করা হচ্ছে। এ ধরনের কার্যক্রম কাম্য হতে পারে না।
মেয়র এ সময় স্থায়ী কমিটিকে তালিকা অনুযায়ী দ্রব্যমূল্য বিক্রয় নিশ্চিত করার নির্দেশনা দেন।
এতে দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ, বাজার মূল্য পর্যবেক্ষণ, মনিটরিং ও নিয়ন্ত্রণ বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ও ৪৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ শহিদ উল্লাহ মিনু, বাণিজ্য মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ঢাকা বিভাগ ও জেলা প্রশাসন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, বিএসটিআই, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বাজার মনিটরিং বিষয়ক দক্ষিণ সিটির স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
মেয়র তাপস/এসকেএম
আরও খবর পড়তে: http://artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply