ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা

১২ এপ্রিল ২০২১ (নিউজ ডেস্ক): রমজান মাসে দেশের সব মসজিদে তারাবির নামাজসহ পাঁচ ওয়াক্ত নামাজ চালু থাকবে। ইমাম, মুয়াজ্জিন, হাফেজসহ মোট ২০ জন মুসুল্লি জামাতে অংশ নিবেন। করোনা সংক্রমণ রোধে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সোমবার ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, খতিব, ইমাম, মুয়াজ্জিন, হাফেজ ও খাদেমসহ মোট ২০ জন মুসুল্লি জামাতে অংশ নিবেন।

মসজিদের পাঁচওয়াক্ত নামাজে সর্বোচ্চ ২০ জন মুসুল্লি জামাতে অংশ নিতে পারবেন। এছাড়া জুমার নামাজেও সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে অংশ নেয়া যাবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতোপূর্বে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জারি করা মসজিদে জুমা ও জামাত বিষয়ক নির্দেশনা কার্যকর থাকবে।

ইফতার প্রসঙ্গে বলা হয়, রমজান মাসে ইফতার মাহফিলের নামে কোন ধরনের অনুষ্ঠান আয়োজন করা যাবে না।

করোনা সংক্রমণ রোধে মন্ত্রিপরিষদ বিভাগ যে ১৩ দফা নির্দেশনা জারি করেছে সেখানে বলা হয়েছে, স্বাস্থ্যবিধি অনুসরণ করে জুমা ও তারাবি নামাজের জমায়েত বিষয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় নির্দেশনা জারি করবে। মন্ত্রিপরিষদ বিভাগের এই সিদ্ধান্তের আলোকে ধর্ম মন্ত্রণালয় সোমবার এই নির্দেশনা জারি করে।

জুমা ও তারাবির নামাজ/এএমএম/আরএম