ধর্ষণ মামলায় শিক্ষার্থী রিমান্ডে

২৫ জানুয়ারি ২০২১ (নিউজ ডেস্ক): ধর্ষণ মামলায় রিমান্ডে নেয়া হয়েছে রাজধানীর সাউথ ইস্ট ইউনিভার্সিটির এর এক শিক্ষার্থীকে। রাফিদ সাদমান নামের ওই শিক্ষার্থী আইন বিভাগের ছাত্র। আদালত তাকে এক দিনের রিমান্ড দিয়েছে।

সোমবার আসামিকে আদালতে হাজির করে পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস এক দিনের রিমান্ডের আদেশ দেন।

রিমান্ড শুনানীতে বাদীপক্ষের আইনজীবী মাহবুবুর রহমান খান বলেন, ভিকটিম ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এর ছাত্রী। আসামি বিভিন্ন সময়ে ভিকটিমকে ফুসলিয়ে এবং চেতনানাশক ওষুধ সেবন করিয়ে ধর্ষণ করেছে।

আদালত সূত্র জানিয়েছে, গেল বছরের ৩০ অক্টোবর রাত ৯টার দিকে ভিকটিম উত্তরায় এক বন্ধুর বাসায় সাদমানের সাথে দেখা করেন। সেখানে তাকে কোমল পানীয়ের সাথে কিছু খাওয়ানো হয়। এতে সে অচেতন হয়ে পরে। অচেতন অবস্থায় তাকে সাদমান নিজের বাসায় নিয়ে যায়। সেখানে তাকে বিবস্ত্র করে সেলফোন ক্যামেরায় ভিডিও রেকর্ড করে।

ভিকটিমের জ্ঞান ফিরলে আসামি তাকে ভিডিও দেখায়। এরপর তাকে ভীতি প্রদর্শন করে রাতে বাসায় রেখে দেয় এবং ধর্ষণ করে। পরদিন ভিকটিম বাসায় চলে যায়। এরপর থেকে ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দেখানোর হুমকি দিয়ে বিভিন্ন সময় ভিকটিমকে বাসায় নিয়ে ধর্ষণ করে।

গত ৮ নভেম্বর আবারও বাসায় যেতে বললে ভিকটিম যেতে অস্বীকার করে। এতে ক্ষিপ্ত হয়ে আসামি গুগল ড্রাইভে ভিডিওর একটি কপি ভিকটিমকে পাঠায় এবং তা ভাইরাল করে দেয়ার হুমকি দেয়। ভিকটিম সবশেষ ২৫ ডিসেম্বর সাদমানের বাসায় গেলে তাকে আবার ধর্ষণ করা হয়।

নিরুপায় হয়ে ভিকটিম তার পরিবারে বিষয়টি জানায়। ঘটনা জানার পর ভিকটিমের বাবা সোমবার রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় পর্নোগ্রাফি আইন ও ধর্ষণের অভিযোগে মামলা করেন।

ধর্ষণ/আরএম/টিটি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *