ধসে পড়ল বহুতল ভবন

২৯ মে ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, ভারত): ভারতের মহারাষ্ট্রে ধসে পড়েছে একটি পাঁচতলা ভবন। এ ঘটনায়  অন্তত সাত জন নিহত হয়েছেন।

শুক্রবার থানে জেলার উলহাসনগর শহরের নেহরু চকে রাত ৯টার দিকে ভবনটির সব তলার ড্রইংরুমের স্লাব একটির উপর আরেকটি ধসে পড়ে। খবর পেয়েই উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। খবর: এনডিটিভি।

রাতেই ভবনের ধ্বংসস্তুপের নিচ থেকে ছয়টি মৃতদেহ উদ্ধারের কথা জানিয়েছিলেন উদ্ধারকর্মীরা। মধ্যরাতের পর আরও একটি মৃতদেহ উদ্ধারের কথা জানান তারা।

থানে পৌর কর্পোরেশনের আঞ্চলিক দুর্যোগ ব্যবস্থাপনা সেলের প্রধান সন্তোষ কদম বলেন, ধ্বংসস্তুপ থেকে তিনজন নারী, তিনজন পুরুষ এবং এক কিশোরের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

রাজ্য সরকার নিহত প্রতিজনের পরিবারকে পাঁচ লাখ রুপি ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছে।

ভারত/এসকেএম