২৮ জুন ২০২১ (নিউজ ডেস্ক): গ্রাম আদালতের মতো নগর আদালত প্রতিষ্ঠা করার দাবী যৌক্তিক বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম।
সোমবার ‘নগর আদালত আইন: প্রস্তাবিত রূপরেখা এবং বাস্তবায়নের সম্ভাবনা’ শীর্ষক এক ভার্চ্যুয়াল সংলাপে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
এসডিজি বাস্তবায়নে নাগরিক প্লাটফর্ম, বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), মাদারীপুর লিগ্যাল এইড এসোসিয়েশন এবং নাগরিক উদ্যোগ যৌথভাবে এই ভার্চ্যুয়াল সংলাপের আয়োজন করে।
মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, গ্রামের মত নগর বা শহরেও গরিব-দুঃখী অসহায় মানুষ বসবাস করেন। ক্ষুদ্র-ক্ষুদ্র বিরোধ নিষ্পত্তির জন্য তাদের আদালতের শরণাপন্ন হতে হয়। তাই সিটি কর্পোরেশনে বসবাসরত নাগরিকদের জন্য নগর আদালত আইন বা অন্যকোন নামে আদালত প্রতিষ্ঠিত হলে নাগরিকরা দ্রুত বিচার পাবেন এবং উপকৃত হবেন।
তিনি বলেন, গ্রাম আদালত বা নগর আদালত যেটাই করা হোক না কেন, যদি স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দায়বদ্ধতা নিশ্চিত করা না যায় তাহলে প্রত্যাশিত লক্ষ্য অর্জিত হবে না। কোনোক্রমেই মানুষের দুর্ভোগ বাড়ানও যাবে না।
ক্ষমতায়ন করার আগে জবাবদিহিতা এবং দায়বদ্ধতা নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন মন্ত্রী। বলেন, ভাল বা মন্দ মানুষ যেই হোক না কেন তাকে যদি স্বচ্ছতা, জবাবদিহিতা ও দায়বদ্ধতার আওতায় আনা না হয় তাহলে সে বিপথে যাবেই।
তিনি বলেন, জনপ্রতিনিধিত্বশীল প্রতিষ্ঠানগুলো বেশি অবদান রাখতে পারবে। বেশি চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবে। কর্মচারী ভিত্তিক প্রতিষ্ঠানের ইচ্ছা থাকলেও সেটা করতে পারবে না। সাধারণ মানুষের কাছে নাগরিক সেবা পৌঁছে দিতে জনপ্রতিনিধিদের কোন বিকল্প নেই।
জনপ্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠানগুলোকে আরও জবাবদিহিতার আওতায় আনার লক্ষ্যে সংশ্লিষ্ট বিষয়ে তথ্য-উপাত্ত সংগ্রহ করে সহযোগিতা করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।
এসডিজি বাস্তবায়নে নাগরিক প্লাটফর্মের আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের সঞ্চালনায় সংলাপে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম এবং সংশ্লিষ্ট সংস্থার জনপ্রতিনিধি ও ব্যক্তিবর্গ এবং সরকারি কর্মকর্তা, আইনজীবী, সামাজিক আন্দোলনের সাথে যুক্ত ব্যক্তিবর্গ, দেশের বিভিন্ন অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে নগর আদালত আইন প্রস্তাবের রূপরেখা এবং বাস্তবায়নের সম্ভাবনা নিয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।
মোহাম্মদ তাজুল ইসলাম/এসকেএম















