১৫ জুলাই ২০২১ (নিউজ ডেস্ক): এ বছরেই অনুষ্ঠিত হবে এসএসসি ও এএইচএসসি পরীক্ষা। এ জন্য সম্ভাব্য তারিখও জানিয়েছে শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি। তিনি জানান, এসএসসি বা সমমানের পরীক্ষার সম্ভাব্য তারিখ চলতি বছরের নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে এবং এইচএসসি পরীক্ষার সম্ভাব্য তারিখ ডিসেম্বরের প্রথম সপ্তাহে।
বৃহস্পতিবার বেলা ১১ টায় এসএসসি এবং এইচএসসি পরীক্ষা সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে মন্ত্রী এসব কথা জানান।
তিনি বলেন, যথাযথ স্বাস্থ্যবিধি মেনে গ্রুপ ভিত্তিক শুধুমাত্র তিনটি বিষয়ের ওপর নৈর্বাচনিক পরীক্ষার মাধ্যমে এবার এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেয়া হবে।
মন্ত্রী বলেন, পূর্বে সংক্ষিপ্ত আকারে দেয়া সিলেবাসের আলোকে এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেয়া হবে। এছাড়া পূর্বে শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে যে বিষয়গুলোর পরীক্ষা নেয়া হয়েছে সেগুলোর পরীক্ষা হবে না। সেসব বিষয়ের ফলাফলের ভিত্তিতে মূল্যায়ন করা হবে। আবশ্যিক বিষয়গুলোর সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে মূল্যায়ন করা হবে।
ডক্টর দীপু মনি/এসকেএম















