নভেম্বরে এসএসসি, ডিসেম্বরের এইচএসসি পরীক্ষা

২৫ সেপ্টেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): শিক্ষা মন্ত্রী ডাক্তার দীপু মনি বলেছেন, সব কিছু ঠিক থাকলে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা নভেম্বরের মাঝামাঝি এবং ডিসেম্বরের শুরুতে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। উল্লেখিত সময়ের মধ্যে পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে আমি আশা করছি।

শনিবার সকালে রাজধানীর শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের আওতায় মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের যেখানে সমস্যা হয়েছে , সেখানে  আমরা শিক্ষা প্রতিষ্ঠানে কভিড-১৯ আক্রান্ত কি-না তা পর্যবেক্ষণ করছি। অনেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী করোনায় আক্রান্ত হয়েছে বলে বিভিন্ন তথ্য দিচ্ছেন। আমরা এর কোনও সত্যতা পাইনি।

শিক্ষামন্ত্রী বলেন, সারাবিশ্বে করোনা মহামারি চলমান। যদিও সংক্রামণের হার পাঁচ শতাংশের নিচে নেমে এসেছে। কাজেই আমাদের তীক্ষ্ম নজর রাখতে হবে, সবার দিকে। কেউ না কেউ অসুস্থ হতেই পারে। বাড়িতে-বাড়ির বাইরে বা শিক্ষা প্রতিষ্ঠানে। অন্যদিকে, আবার তাদেরকে দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানও সংক্রমিত হতে পারে। সেটি যেন না ঘটে তা নজরদারির মধ্যে রাখা হচ্ছে। কোথাও কোন শিক্ষার্থী আক্রান্ত হওয়া মাত্র যেন ব্যবস্থা নিতে পারি, সে বিষয়ে আমরা সচেতন ও সজাগ। কোথাও থেকে তথ্য পাওয়া মাত্র দ্রুত স্থানীয় প্রশাসন, সিভিল সার্জন অফিসসহ সবার সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

দীপু মনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর এ পর্যন্ত বড় ধরনের কোন ঘটনা ঘটেনি। আগেই বলেছি, কোথাও থেকে সংক্রমণ ছড়িয়ে পড়লে বা পড়ার আশংকা থাকলে প্রয়োজনে সেসব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হবে। এখন পর্যন্ত তেমন কোন পরিস্থিতির উদ্ভব হয়নি। নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। যদি কোথাও হয়, সেক্ষেত্রে নিশ্চয়ই আমরা ব্যবস্থা নেবো।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষা মন্ত্রী বলেন, প্রাক -প্রাথমিকের শিক্ষার্থীদের এই মুহুর্তে শিক্ষা প্রতিষ্ঠানে আনতে চাচ্ছি না। অনলাইন ও টেলিভিশনের মাধ্যমে তারা বাসায় বসে নিয়মিত ক্লাসগুলো করুক। তিন সপ্তাহ পার হোক, তারপর এই বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

শিক্ষামন্ত্রী/এসকেএম

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *