নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় ব্যাপক প্রাণহানি

১৭ নভেম্বর ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, নাইজেরিয়া): নাইজেরিয়ার সোকোতো রাজ্যের বিভিন্ন এলাকায় বন্দুকধারীদের হামলায় ১৫ জন নিহত হয়েছে। উত্তর-পশ্চিমাঞ্চলে সহিংসতা ঠেকাতে সেনাবাহিনীর প্রচেষ্টা চলার মধ্যেই নতুন এ হামলা হলো।

সোকোতো রাজ্যের স্থানীয় সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, গত রোববার রাত থেকে শুরু করে সোমবার ভোর পর্যন্ত বিভিন্ন জায়গায় বন্দুকধারীরা হামলা চালিয়েছে। এসব হামলায় নাইজার প্রজাতন্ত্র সীমান্তসংলগ্ন ইল্লেলা শহরে ১৩ জন নিহত হয়েছেন। রাজ্যের রাজধানী থেকে ৭৬ কিলোমিটার দূরের এলাকা গোরোনিয়োতে নিহত হয়েছেন দুই জন।

এক বিবৃতিতে সোকোতো রাজ্যের গভর্নর আমিনু ওয়াজিরি তাম্বুয়াল একে দস্যুদের সন্ত্রাসী কর্মকাণ্ড বলে মন্তব্য করেছেন।

নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি এ হামলার নিন্দা জানিয়ে বলেন, হামলাকারীদের অবস্থান শনাক্ত করতে উন্নত প্রযুক্তি স্থাপন করেছে সেনাবাহিনী। বুহারি বলেন, নিরস্ত্র মানুষদের ওপর বিনা উসকানিতে ধারাবাহিকভাবে যে সহিংসতা চালানো হচ্ছে, তার বিরুদ্ধে শক্ত জবাব দেবে সরকার।

এর আগে গত মাসেও সোকোতো রাজ্যে হামলা চালিয়েছিল বন্দুকধারীরা। এ হামলায় কমপক্ষে ৪৩ জন নিহত হয়।

বন্দুক হামলা/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ