নাইজেরিয়ায় মসজিদের ছাদধসে নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ায় নামাজের সময় একটি মসজিদের একাংশের ছাদধসে অন্তত সাত মুসল্লি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেক মুসল্লি।

দেশটির উত্তরাঞ্চলের কাদুনা রাজ্যের জারিয়া শহরে এই মর্মান্তিক ঘটনা ঘটে। শুক্রবার নাইজেরিয়ার জারিয়া এমিরেট কাউন্সিলের মুখপাত্র আবদুল্লাহি কোয়ারবাই এ তথ্য নিশ্চিত করেন। খবর: আলজাজিরা।

তিনি বলেন, শুক্রবার আসরের নামাজের সময় শহরের কেন্দ্রীয় মসজিদে এ ঘটনা ঘটে। এ সময় সেখানে অসংখ্য মুসল্লি উপস্থিত ছিলেন।

তিনি বলেন, প্রাথমিকভাবে চার মরদেহ পাওয়া যায়। পরে উদ্ধারকারী দল ধসেপড়া মসজিদে অনুসন্ধান করার পর আরও তিনজনের মরদেহ উদ্ধার করে।

দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, মসজিদটি ১৮৩০ সালে নির্মাণ করা হয়।

সেখানকার জরুরি ব্যবস্থাপনা এজেন্সি জানিয়েছে, এ ঘটনায় আহত ২৩ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

কাদুনা রাজ্যের গভর্নর উবা সানি দুর্ঘটনার বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। ভুক্তভোগীদের সহযোগিতারও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

নাইজেরিয়া/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *