নারী এনজিওকর্মীকে গুলি করে হত্যা

২৩ ফেব্রুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): পাকিস্তানের পূর্ব ওয়াজিরিস্তান জেলায় চার নারী এনজিওকর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে অজ্ঞাত বন্দুকধারীরা।

সোমবার দেশটির পূর্ব ওয়াজিরিস্তানের মীর আলি এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর:  সিনহুয়া ও এনবিসি নিউজ।

ওয়াজিরিস্তানের পুলিশ জানিয়েছে, পূর্ব ওয়াজিরিস্তানের মীর আলিতে চার নারী এনজিওকর্মীকে বহনকারী গাড়িতে অজ্ঞাত বন্দুকধারীরা গুলি চালিয়ে তাদের হত্যা করেছে। নিহত ওই চার নারী বেসরকারি একটি এনজিওতে কাজ করতেন।

সিনিয়র পুলিশ সুপার শফিউল্লাহ গেন্দাপুর জানান, ওই চার নারীর ওপর স্থানীয় সময় সোমবার সকাল সাড়ে ৯টার দিকে মীর আলি শহরের ইপ্পি গ্রামের কাছে হামলা হয়। নারী কর্মীদের গাড়িতে অজ্ঞাত বন্দুকধারীরা গুলি করে।

এর পর ঘটনাস্থল থেকে হামলাকারী পালিয়ে যায়। হামলায় গাড়ির চালক আহত হয়। তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এখন পর্যন্ত কোনও দল বা গোষ্ঠী এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেনি। তবে নারীদের পড়াশোনা ও বাইরে কাজের বিরোধিতা করা কোনও উগ্র গোষ্ঠী এ হামলা চালাতে পারে বলে ধারণা করা হচ্ছে।

২০১২ সালে নারী শিক্ষার পক্ষে কথা বলায় কিশোরী মালালা ইউসুফজাইকে গুলি করে মারাত্মকভাবে জখম করেছিল পাকিস্তানি তালেবান গোষ্ঠী। তিনি অবশ্য প্রাণে বেঁচে যান এবং পরে বিশ্বের সর্বকনিষ্ঠ নারী হিসেবে শান্তিতে নোবেল পুরস্কার পান।

পাকিস্তান/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *