নায়ক ফারুকের অবস্থার উন্নতি

২২ এপ্রিল ২০২১ (নিউজ ডেস্ক): সিঙ্গাপুরে চিকিৎসাধীন চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তবে পরোপুরি সুস্থ হয়ে উঠতে আরও কিছুদিন সময় লাগবে।

বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ফারুকের ছেলে রোশান হোসেন পাঠান।

রোশান বলেন, ‘বাবার শারীরিক অবস্থা আগের চেয়ে একটু ভালোর দিকে। ধীরে ধীরে শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। এখন একটু করে খাওয়া দাওয়া করছেন। কথা বলার চেষ্টা করছেন’

দেশে আনার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, এখনও সিদ্ধান্ত নেয়া হয়নি। সেখানে এক রকমের ট্রিটমেন্ট চলছে। এই অবস্থায় দেশে আনলে আবার এখানেও এক ধরনের ট্রিটমেন্ট চালাতে হবে। সে ক্ষেত্রে ঝামেলা হতে পারে। তাই পুরোপুরি সুস্থ হওয়ার পর্যন্ত দেশে না নিয়ে আসার কথাই ভাবছি।

উল্লেখ্য, ২১ মার্চ থেকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের আইসিইউতে আছেন ফারুক। সেখানে ডাক্তার লি’র অধীনে চিকিৎসা চলছে এ অভিনেতার।

গত ১৫ মার্চ খিচুনি হওয়ার পর ফারুকের মস্তিস্কে একটি সিজার করা হয়েছিল। তারপর তার নড়াচড়া এবং কথা বলা সীমিত হয়ে পড়ে। এরপর আইসিইউতে পাঠানও হয়। ১৮ মার্চ অবস্থার উন্নতি হলে কেবিনে পাঠানো হয় তাকে।

এরপর ২১ মার্চ অচেতন হয়ে পড়লে ফের আইসিইউতে পাঠানো হয় এ অভিনেতাকে।

দীর্ঘদিন ধরে শারীরিক বিভিন্ন জটিলতায় ভুগছিলেন ফারুক। সবশেষ তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন। নিয়মিত চেকআপের জন্য ৪ মার্চ সিঙ্গাপুর গিয়েছিলেন তিনি।

১৯৪৮ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন ফারুক। ১৯৭১ সালে এইচ আকবর পরিচালিত ‘জলছবি’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে ঢাকাই সিনেমায় অভিষেক হয় তার। বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় এ অভিনেতা বর্তমানে ঢাকা ১৭ আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।

নায়ক ফারুক/এসকেএম