নিউইয়র্কে জরুরি অবস্থা জারি

১০ সেপ্টেম্বর ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহর ও আশপাশের চারটি এলাকার পয়োঃবর্জ্য পানিতে পোলিও ভাইরাস পাওয়া গেছে। ফলে অঙ্গরাজ্যেটিতে জরুরি অবস্থা জারি করেছেন নিউইয়র্কের গভর্নর।

এখন পর্যন্ত মাত্র একজনের ভাইরাসটিতে আক্রান্ত হওয়ার কথা জানা গেছে। প্রায় এক দশকের মধ্যে যুক্তরাষ্ট্রে এটিই প্রথম পোলিওতে আক্রান্ত হওয়ার ঘটনা।

১৯৫৫ সালে টিকাদান শুরু হওয়ার পর যুক্তরাষ্ট্র থেকে পোলিও প্রায় নির্মূল হয়ে গিয়েছিল বলে জানায় বিবিসি। দেশটি ১৯৭৯ সালে নিজেদেরকে পোলিওমুক্ত বলে ঘোষণা দেয়।

কিন্তু নিউইয়র্ক রাজ্যের অনেক অংশে এই ভাইরাস মোকাবেলায় সক্ষম টিকাদানের হার খুবই কম, বলেছেন রাজ্যটির কর্মকর্তারা।

নিউইয়র্ক রাজ্যের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, তাদের লক্ষ্য হচ্ছে বর্তমানে রাজ্যজুড়ে পোলিওর টিকাদান হারকে ৭৯ শতাংশ থেকে বাড়িয়ে ৯০ শতাংশের উপরে নিয়ে যাওয়া।

যুক্তরাষ্ট্রে শিশু বয়সের নিয়মিত টিকাদান কারযক্রমে পোলিও টিকা দেয়া হয়। যুক্তরাষ্ট্রের ৩ বা তার চেয়ে কম বয়সী শিশুদের প্রায় ৯৩ শতাংশই পোলিও টিকার অন্তত তিনটি ডোজ পেয়েছে বলে সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) দেওয়া টিকাদানের তথ্যে দেখা যাচ্ছে।

এ নিয়ে চলতি বছর তৃতীয়বার রাজ্যটিতে জরুরি অবস্থা জারি হল। আগের দুইবার কোভিড মহামারি ও মাঙ্কিপক্সের জন্য একই বিধিবিধান আরোপ করেছিল অঙ্গরাজ্যটির কর্তৃপক্ষ।

নিউইয়র্ক/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ