নিউমার্কেট এলাকায় যান চলাচল স্বাভাবিক

২০ এপ্রিল ২০২২ (নিউজ ডেস্ক): রাজধানীর নিউমার্কেটের ব্যবসায়ীদের সাথে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের পর আজ পরিস্থিতি শান্ত রয়েছে।

বুধবার সকাল থেকে নিউমার্কেট এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এ সময় সড়কে ব্যবসায়ী-কর্মচারী ও শিক্ষার্থীদের উপস্থিতি দেখা যায়নি। নিরাপত্তার জন্য এলাকায় বিপুল পুলিশ মোতায়েন রয়েছে। তবে মার্কেটে দোকানপাট খোলেনি।

এর আগে নিউমার্কেট এলাকায় সোমবার রাতের পর মঙ্গলবার দিনভর সংঘর্ষ হয়। ঢাকা কলেজের শিক্ষার্থীদের সাথে নিউমার্কেট এলাকার বিপণিবিতানের দোকানমালিক ও কর্মচারীদের এ সংঘর্ষ হয়। সংঘর্ষের মধ্যে পড়ে আহত নাহিদ হোসেন নামে এক পথচারী মঙ্গলবার রাতে চিকিৎসাধীন মারা যান। এছাড়াও সংঘর্ষে আরও অনেকে আহত হন।

সংঘর্ষের কারণে মঙ্গলবার প্রায় পুরো দিন রাজধানীর ব্যস্ত সড়ক মিরপুর রোডের সায়েন্সল্যাব থেকে নীলক্ষেত পর্যন্ত যান চলাচল বন্ধ ছিল। তার প্রভাবে আশপাশের সড়ক কার্যত অচল হয়ে যায়।

বুধবার সকাল থেকে নীলক্ষেত-নিউমার্কেট এলাকার সড়কে স্বাভাবিকভাবে যানবাহন চলাচল করতে দেখা গেছে। সকাল ১০টায় মিরপুর রোডের এই অংশে কোনো যানজট দেখা যায়নি।

সড়কে যান চলাচল স্বাভাবিক হলেও সংঘর্ষের পর আজও নিউমার্কেটসহ আশপাশের মার্কেটগুলো খোলেনি। নীলক্ষেত-নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী বা কর্মচারীদের উপস্থিতি নেই।

ঢাকা মহানগর পুলিশের (ট্রাফিক) নিউমার্কেট অঞ্চলের সহকারী কমিশনার হারুন অর রশীদ সকাল সাড়ে ৯টার দিকে সাংবাদিকদের বলেন, এলাকার পরিস্থিতি আজ শান্ত রয়েছে। বিবদমান কোনও পক্ষকে সড়কে দেখা যায়নি। নীলক্ষেত-নিউমার্কেট এলাকার সড়কে যান চলাচল এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে।

এদিকে নিউমার্কেটের ব্যবসায়ীদের সাথে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় প্রতিবাদে সরব হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার নিউমার্কেট এলাকায় দিনভর সংঘর্ষের পর আজ বুধবার রাজধানীর বিভিন্ন এলাকার সাত কলেজের শিক্ষার্থীরা নামতে পারে বলে সতর্ক রয়েছে পুলিশও।

ঢাকা কলেজ/এসকেএম

আরও খবর পড়তে: http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *