নিয়মনীতিহীন আইপি টিভি’র বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে

৩০ জুলাই ২০২১ (নিউজ ডেস্ক): তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাছান মাহমুদ বলেছেন, নিয়মনীতিহীন আইপি টিভি’র বিরুদ্ধে অচিরেই ব্যবস্থা নেয়া হবে।

শুক্রবার দুপুরে মন্ত্রী ঢাকায় তার সরকারি বাসভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, কিছু আইপি টিভি অনেক সময় গুজব রটানোতে যুক্ত হয়। অসত্য তথ্য পরিবেশন ও ভাঁড়ামোতে লিপ্ত হয়। আবার দেখা যায় অনুমোদন পাবার আগেই কেউ কেউ টেলিভিশন চ্যানেলের মতো অফিস খুলে বসেছে, জেলা প্রতিনিধি নিয়োগ দিচ্ছে। এসব বিষয়কে একটা নিয়মনীতির মধ্যে আনা প্রয়োজন।

ডক্টর হাছান বলেন, সারাদেশব্যাপী ব্যাঙের ছাতার মতো আইপি টিভি খুলে যার যেমন ইচ্ছে তেমন করবে সেটা কখনও আইনসম্মত বা বাঞ্ছনীয় নয়। ভালো মানের আইপি টিভি অনুমোদন পাবে এবং যেগুলোর বিষয়ে নানা অভিযোগ আছে, সেগুলো খতিয়ে দেখে সহসাই ব্যবস্থা নেয়া হবে।

মন্ত্রী জানান, মন্ত্রণালয় আইপি টিভিগুলোর কাছ থেকে রেজিষ্ট্রেশনের জন্য দরখাস্ত আহ্বান করেছিল। প্রায় পাঁচ শতাধিক দরখাস্ত জমা পড়েছে, সেগুলো যাচাই-বাছাইয়ের কাজও গুছিয়ে আনা হয়েছে। যেগুলোর মান ভালো, সেগুলোর রেজিষ্ট্রেশন দেয়া হবে।

এসময় জয়যাত্রা নামের আইপি টিভি পরিচালনাকারী হেলেনা জাহাঙ্গীর সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ফাঁকফোকর দিয়ে দলের উপকমিটিতে এধরণের কারো ঢোকা সমীচীন হয়নি। এদের কমিটিতে রাখার বিষয়ে আরও সতর্ক হওয়া প্রয়োজন ছিল। যারা সুপারিশ করেছেন, তাদেরও আরও জানাশোনার দরকার ছিল। তার বিষয়ে ব্যবস্থা নেয়া হচ্ছে এবং তার আইপি টিভির বিষয়ে অভিযোগগুলো আমরা খতিয়ে দেখবো। সত্যতা পেলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।

তথ্যমন্ত্রী/এসকেএম