নিউজ ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক না পাওয়া সত্ত্বেও নিজেকে নৌকার একজন মাঝি হিসেবে দাবি করেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি।
মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন দাবি করেন তিনি।
মাহি বলেন, নৌকার প্রার্থীকে হারিয়ে জিতব বিষয়টি ওভাবে নিচ্ছি না। কারণ আমি মনেপ্রাণে আওয়ামী লীগ করি। আমি নৌকা প্রতীক পাইনি, কিন্তু আমিও একজন মাঝি। সেখানে আরও একজন নৌকার মাঝি আছেন। দুজনের মধ্যে দর্শক ভোট দিয়ে যাকে জয়ী করবেন- তিনিই আসলে নৌকার মাঝি হবেন। বিষয়টি ওভাবে দেখছি আমি।
এক প্রশ্নের জবাবে নায়িকা মাহিয়া মাহি বলেন, বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আমি যেকোনো জায়গা থেকে নির্বাচন করতে পারি। রাজশাহী-১ ও চাঁপাইনবাবগঞ্জ দুটোই আমার এলাকা। দুই জায়গায় আমার বেড়ে ওঠা। নির্বাচনে আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি এলাকার মানুষের জন্যই। তারা জোর করে বলেছেন আপনাকে নির্বাচন করতে হবে। তাদের পীড়াপীড়িতেই স্বতন্ত্র প্রার্থী হয়েছি।
রাজশাহী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মাহি আরও বলেন, আমি শতভাগ আশাবাদী আমার জনপ্রিয়তা দিয়ে তাদের সেবক হব। আর এলাকার মানুষকে আমি সেবা দেব। আমার বিশ্বাস বিজয়ী হওয়ার পরে প্রধানমন্ত্রী মায়ের মমতায় বরণ করে নেবেন আমাকে।
এর আগে চিত্রনায়িকা মাহিয়া মাহি বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধুসহ মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সব শহিদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি।
উল্লেখ্য, জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে ফরম সংগ্রহ করেছিলেন তিনি। কিন্তু সেই আসন থেকে মনোনয়ন না পেয়ে রাজশাহী-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হন নায়িকা মাহিয়া মাহি। পরে নির্বাচনী এলাকার এক শতাংশ ভোটারের স্বাক্ষরে গরমিল থাকায় তার প্রার্থিতা বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। ১১ ডিসেম্বর ঢাকাই সিনেমার এই নায়িকা নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থিতা ফিরে পান।
মাহিয়া মাহি/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply