২৯ জুন ২০২২ (নিউজ ডেস্ক): পদ্মাসেতুতে যাতে কোনও ধরনের নাশকতা না হয় সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী সজাগ আছে। এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বলেছেন, ঈদের সময় বাস, লঞ্চ, ট্রেন ও ফেরিঘাট ছাড়াও পদ্মাসেতুর দুই পাড়ে গোয়েন্দা নজরদারি থাকবে।
বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। ঈদুল আজহা উপলক্ষে সার্বিক আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে এবং শিল্পাঞ্চলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ বিষয়ক এ সভা অনুষ্ঠিত হয়।
পদ্মাসেতুর দুই পাড়ে স্থাপন করা দুটি নতুন থানায় যথেষ্ট সংখ্যক পুলিশ নিয়োজিত রয়েছে বলে জানান মন্ত্রী। সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, পদ্মাসেতুতে ক্যামেরা বসানো আছে, সব নজরদারিতে রয়েছে।
কোরবানির ঈদকে ঘিরে এখন পর্যন্ত কোনও নাশকতা আশঙ্কার খবর আসেনি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, ঈদে যেকোনও নাশকতা প্রতিরোধে সারাদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি গোয়েন্দারা সজাগ থাকবে। ঈদুল আজহায় নাশকতার কোনও আশঙ্কা নেই বলেও জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কাঁচা চামড়া বিদেশে যাতে পাচার না হতে পারে, সেদিকেও নজরদারি থাকবে।
তিনি বলেন, ঈদযাত্রা যানজটমুক্ত করতে সারাদেশে হাইওয়ে পুলিশের ১০৯টি টহল দল, ৮৪টি কুইক রেসপন্স দলসহ ওয়াচ টাওয়ার, রেকার ও অ্যাম্বুলেন্সের ব্যবস্থা থাকবে। ঈদের ছুটিতে মহানগর, জেলা, উপজেলায় হাটবাজারে চুরি, ডাকাতি, ছিনতাই, সন্ত্রাসী কার্যকলাপ প্রতিরোধে পুলিশ, র্যাব ও গোয়েন্দা তৎপরতা বাড়ানো হবে। কোনও পশুবাহী নৌযান বা ট্রাককে জোরপূর্বক কোনও নির্দিষ্ট স্থানে বা হাটে যেতে বাধ্য করা যাবে না।
স্বরাষ্ট্রমন্ত্রী/এসকেএম/রমু
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply