পরীমনিকে নিয়ে তথ্যমন্ত্রী কোন মন্তব্য করেননি

২১ জুন ২০২১ (নিউজ ডেস্ক): তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ বলেছেন, সরকারের দক্ষ পরিচালনাতেই দেশ মধ্যম আয়ে উন্নীত হয়েছে। মাথাপিছু আয়ে ভারতকে ছাড়িয়ে গেছে। এ সময় তিনি পরীমনি ইস্যুতে কথা বলতে আগ্রহী নন বলে জানান।

সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সাথে সংশ্লিষ্ট সংস্থাগুলোর বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মন্ত্রী একথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, সরকার দক্ষভাবে দেশ পরিচালনা করতে পেরেছে বলেই বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। করোনার মধ্যেও মানুষের মাথাপিছু আয় বেড়েছে। এমনকি মাথাপিছু আয়ের ক্ষেত্রে আমরা ভারতকেও ছাড়িয়েছি।

তথ্য বলেন, সরকারের বা যে কোনও দায়িত্বশীলের ব্যর্থতা, ত্রুটি নিয়ে আলোচনা হবে। কিন্তু পাশাপাশি অগ্রগতিটাও মানুষকে জানাতে হবে। দেশের অগ্রগতি যদি বিশ্বের পত্রপত্রিকায় প্রচারিত হয় অথচ আমাদের দেশে ঠিকভাবে না হয়, সেটি খুবই দুঃখজনক।

এসময় চিত্রনায়িকা পরীমণির বিষয়ে সাংবাদিকরা মন্ত্রীকে প্রশ্ন করেন। জবাবে মন্ত্রী বলেন, ঢাকা শহরে কে কোথায় গিয়ে মধ্যরাতে মদ্যপান করল, সেখানে ভাংচুর হলো, সেখানে কিছু ঘটনা ঘটল তাতে যেভাবে সবাই মত্ত হয়ে গেল। অথচ বিষয়টা জাতির জন্য মোটেও কোনও গুরুত্বপূর্ণ ঘটনা নয়। আমি এ নিয়ে মন্তব্য করতে চাই না। তবে কেউ হেনস্তার শিকার হওয়াও ঠিক নয়। কেউ অহেতুক হয়রানি হওয়াও ঠিক নয়।

পরীমণির বিষয়ে সংসদে আলোচনা হয়েছে বলে সাংবাদিকরা মন্ত্রীকে স্মরণ করিয়ে দেন। এরপর ডক্টর হাছান বলেন, আমি দেখেছি যে সংসদে বিএনপি দলীয় নেতা এ বিষয়টা নিয়ে বেশ কয়েকদিন ধরে বক্তব্য রেখেছেন। আমার কাছে মনে হলো তার কাছে বেগম খালেদা জিয়ার চেয়েও ওই চিত্রনায়িকা বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছেন। সেজন্যই এটা নিয়ে তিনি বেশ কয়েকদিন বক্তব্য দিয়েছেন।

মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর উপস্থিতিতে অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার সচিবের সাথে বাংলাদেশ সংবাদ সংস্থা, বাংলাদেশ টেলিভিশন, তথ্য অধিদফতর,  বাংলাদেশ বেতার, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন, গণযোগাযোগ অধিদপ্তর, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট, বাংলাদেশ ফিল্ম আর্কাইভ, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ, বাংলাদেশ প্রেস কাউন্সিল এবং চলচ্চিত্র সেন্সর বোর্ডের  প্রতিনিধিরা বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর করেন।

তথ্যমন্ত্রী/এসকেএম/আরএম