০৫ আগস্ট ২০২১ (বিনোদন ডেস্ক): চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বৃহস্পতিবার বনানী থানায় মামলা করেছে র্যাব। মামলায় পরীমনির ম্যানেজার আশরাফুল ইসলামকেও আসামি করা হয়েছে। পৃথকভাবে মাদক আইনে একই থানায় নজরুল রাজ ও সবুজ আলীর বিরুদ্ধে মামলা করেছে র্যাব।
বৃহস্পতিবার র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ন ম ইমরান খান গণমাধ্যমকে এ কথা জানান।
তিনি বলেন, বনানী থানায় মামলায় দায়েরের পর পরীমনি ও তার ম্যানেজারকে আদালতে নেয়ার প্রক্রিয়া চলেছে। আদালতে নেয়া হবে নজরুল রাজ ও তার ম্যানেজারকেও।
এর আগে র্যাব সদর দপ্তরে এক ব্রিফিংয়ে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন বলেন, পরীমনির বাসায় মিনি বার রয়েছে। মদের লাইসেন্স থাকলেও মেয়াদ পেরিয়েছে অনেক আগেই। পরীমনি ও নজরুল রাজসহ এই চক্র ডিজে পার্টির আয়োজনের মাধ্যমে বিপুল অর্থ উপার্জন করত। এসব অর্থ তারা বিভিন্ন ব্যবসার কাজে লাগাত।
পরীমনি/এসকেএম















