পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও সিপিএমের বর্ষীয়ান নেতা বুদ্ধদেব ভট্টাচার্য মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮০ বছর।

বৃহস্পতিবার সকাল ৮টা ২০ মিনিটের দিকে দক্ষিণ কলকাতার পাম অ্যাভিনিউয়ে নিজের বাসায় মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করেন তার সন্তান সুচেতন ভট্টাচার্য।

সুচেতন বলেন, সকালে প্রাতরাশ করেন বুদ্ধদেব ভট্টাচার্য। এরপরই তিনি অসুস্থ বোধ করতে শুরু করেন। একপর্যায়ে বাসাতেই মৃত্যু হয় তার।

বুদ্ধদেব ভট্টাচার্য টানা পাঁচ দশক ধরে বাম রাজনীতির সাথে যুক্ত ছিলেন। তিনি সিপিএমের পলিটব্যুরোর সদস্য ছিলেন। রাজ্যে টানা ৩৪ বছর বাম শাসনের সর্বশেষ কান্ডারি ধরা হয় তাকে।

বুদ্ধদেব ভট্টাচার্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন ২০০০ সালের ৬ নভেম্বর থেকে ২০১১ সালের ১৩ মে পর্যন্ত। আর উপমুখ্যমন্ত্রী ছিলেন ১৯৯৯ থেকে ২০০০ সাল পর্যন্ত। তিনি রাজ্য বিধানসভার সদস্য বা বিধায়ক ছিলেন ১৯৭৭ থেকে ১৯৮২ এবং ১৯৮৭ থেকে ২০১১ সাল পর্যন্ত। ছিলেন রাজ্যের মন্ত্রীও। ২০১১ সালে বুদ্ধদেবের বামফ্রন্টকে হারিয়ে রাজ্যে ক্ষমতায় আসেন বর্তমান মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কবি ও সাহিত্যিক হিসেবেও পরিচিতি ছিল বুদ্ধদেব ভট্টাচার্যের। তার জন্ম ১৯৪৪ সালের ১ মার্চ। বর্ষীয়ান এ রাজনীতিক সবশেষ আলোচনায় এসেছিলেন ২০২২ সালে ভারত সরকারের দেয়া রাষ্ট্রীয় সম্মান ‘পদ্মভূষণ’ প্রত্যাখ্যান করে। তিনি কবি সুকান্তের ভাইয়ের ছেলে।

বুদ্ধদেব ভট্টাচার্য/এএমএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *