পশ্চিমবঙ্গে বজ্রপাতে ব্যাপক প্রাণহানি

০৮ জুন ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, ভারত): ভারতের পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টি ও বজ্রপাতে এক দিনেই ২৬ জনের মৃত্যু হয়েছে।

সোমবার রাজ্যটির হুগলি জেলায় ১১ জন, মুর্শিদাবাদে ৯, বাঁকুড়ায় ২ ও দুই মেদিনীপুরে ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সব মিলিয়ে পুরো রাজ্যটিতে বজ্রপাতে মোট ২৬ জন প্রাণ হারিয়েছে। খবর: আনন্দবাজার পত্রিকা।

খবরে জানা যায়, হুগলির খানাকুলে বাজ পড়ে একই পরিবারের ২ জনের মৃত্যু হয়েছে। খানাকুলে বজ্রাঘাতে মারা গেছে আরও ২ জন।

পোলবার দাদপুরে প্রাণ গেছে ৩ জনের। তারকেশ্বরেও ২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া হরিপাল এবং সিঙ্গুরে এক জন করে ২ জন মারা গেছে। সব মিলিয়ে হুগলি জেলাতেই বজ্রাঘাতে প্রাণ হারিয়েছেন ১১ জন।

মুর্শিদাবাদের জঙ্গিপুরে বজ্রপাতে ৭ জনের মৃত্যু হয়েছে। বহরমপুরে মৃত্যু হয়েছে আরও ২ জনের।

পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনাতেও দুটি পৃথক জায়গায় বাজ পড়ে মৃত্যু হয়েছে এক নারীসহ ২ জনের। মেদিনীপুরে ও বাঁকুড়ায় ২ জনকে করে মোট ৪ জন নিহত হয়েছে।

বজ্রপাত/এসকেএম