পাকিস্তানে ঈদে মিলাদুন্নবীর মিছিলে বিস্ফোরণে নিহত ৫২

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের মাস্তুং জেলায় একটি মসজিদের কাছে বিস্ফোরণে ৫২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫০ জনের বেশি। নিহত ব্যক্তিদের মধ্যে এক পুলিশ কর্মকর্তাও আছেন।

শুক্রবার পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিছিলের প্রস্তুতি নেয়ার সময় এই বিস্ফোরণ হয়। পুলিশের সন্দেহ, এটি আত্মঘাতী বোমা হামলা ছিল।

মাস্তুং পুলিশের সহকারী কমিশনার আত্তাহুল মুনিম ডনকে হতাহত মানুষের সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আলফালাহ সড়কে মদিনা মসজিদের কাছে পবিত্র ঈদে মিলাদুন্নবীর মিছিলের প্রস্তুতি নেয়ার সময় বিস্ফোরণটি হয়।

পুলিশের ডেপুটি সুপারিনটেনডেন্ট (ডিএসপি) গিশকোরি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তার গাড়ির কাছেই বিস্ফোরণটি হয়েছে।

মাস্তুং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাভেদ লেহরি বলেন, এটি আত্মঘাতী বিস্ফোরণ। ডিএসপি গিশকোরির গাড়ির কাছে ওই আত্মঘাতী হামলাকারী বোমা বিস্ফোরণ করেন।

বিস্ফোরণস্থলের বেশ কিছু ছবি ও ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। এসব ছবি ও ভিডিওতে দেখা গেছে, ঘটনাস্থলে বেশ কয়েকটি রক্তাক্ত দেহ মাটিতে পড়ে আছে। বেশ কিছু বিচ্ছিন্ন অঙ্গপ্রত্যঙ্গও পড়ে থাকতে দেখা গেছে। তবে ছবি ও ভিডিওগুলোর সত্যতা যাচাই করা যায়নি।

বেলুচিস্তানের অন্তর্বর্তীকালীন সরকারের তথ্যমন্ত্রী জান আচাকজাই বলেন, গুরুতর আহত ব্যক্তিদের কোয়েটার হাসপাতালে নেয়া হয়েছে। সব হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

আচাকজাই আরও বলেন, বিদেশিদের সমর্থন নিয়ে শত্রুপক্ষ বেলুচিস্তানে ধর্মীয় সহিষ্ণুতা ও শান্তি ক্ষুণ্ন করতে চায়। এ ধরনের বিস্ফোরণ মেনে নেয়া যায় না। বিস্ফোরণে দায়ী ব্যক্তিদের গ্রেফতার করতে অন্তর্বর্তীকালীন সরকারের মুখ্যমন্ত্রী আলি মারদান দোমকি কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

পাকিস্তান/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *