পাকিস্তানে জোড়া বিস্ফোরণে পুলিশসহ নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের কোয়েটা শহরে দুটি পৃথক বিস্ফোরণে পুলিশসহ চার ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন ২২ জন।

সোমবার এই বিস্ফোরণ ঘটে। খবর: ডন।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, উভয় বিস্ফোরণের লক্ষ্যবস্তু ছিল পুলিশ। বিস্ফোরণে নিহত চার ব্যক্তির মধ্যে দুজন পুলিশের সদস্য।

জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জোহাইব মহসিন বলেন, কোয়েটার শাহরাহ-ই-ইকবাল এলাকার কান্দাহারি বাজারের কাছে থাকা পুলিশের একটি গাড়ির পাশে প্রথম বিস্ফোরণটি ঘটে। এই কাজে বিস্ফোরকভর্তি একটি মোটরসাইকেল ব্যবহার করা হয়।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, এই বিস্ফোরণে পুলিশের দুজন সদস্য নিহত হন। বিস্ফোরণে আহত ব্যক্তিদের মধ্যে নারী ও শিশু রয়েছে।

কোয়েটা সিভিল হাসপাতালের মুখপাত্র ওয়াসিম বেগ জানান, প্রথম বিস্ফোরণে চারজন নিহত হয়েছেন। ১৮ জন আহত হয়েছেন।

নিষিদ্ধ বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এই বিস্ফোরণের দায় স্বীকার করেছে।

কোয়েটার শারিয়াব পাঠাক এলাকার কাছের মুনির মেঙ্গাল সড়কে পুলিশের গাড়ি লক্ষ্য করে অপর বিস্ফোরণটি ঘটে। এই বিস্ফোরণের ঘটনায় চারজন আহত হয়েছেন বলে কোয়েটা সিভিল হাসপাতাল কর্তৃপক্ষ জানায়।

ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। বিস্ফোরণে নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তিনি।

পাকিস্তান/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *