পাকিস্তানে যাত্রীবাহী বাস খাদে, নিহত ১৯

৩ জুলাই ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক, পাকিস্তান): পাকিস্তানে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১১ জন।

রোববার স্থানীয় সময় সকালে দেশটির বেলুচিস্তান প্রদেশের ঝোব জেলায় এ দুর্ঘটনা ঘটে। খবর: ডন।

বাসটি ৩০ জনের বেশি যাত্রী নিয়ে রাজধানী ইসলামাবাদ থেকে বেলুচিস্তানের রাজধানী কোয়েটায় যাচ্ছিল। পথে দুর্ঘটনার শিকার হয়। টেলিভিশনে সম্প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যায়, রক্তাক্ত যাত্রীদের সাহায্য করছেন উদ্ধারকর্মীরা।

শেরানি জেলার সহকারী কমিশনার মাহতাব শাহ ডনকে বলেন, বাস দুর্ঘটনাটি হয়েছে ধানা সার নামের একটি এলাকার কাছে। তিনি বলেন, যাত্রীবাহী বাসটির চালক বাসের গতি বাড়ানোর সময় এটি একটি সরু গিরিখাদে পড়ে যায়। এতে এখন পর্যন্ত ১৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন ১১ জন।

মাহতাব শাহ বলেন, বাস দুর্ঘটনার কথা শোনার পর দ্রুত সেখানে উদ্ধারকর্মী পাঠানো হয়। এরপর লাশগুলো উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে লাশ শনাক্তের কাজ চলছে।

ঝোব সিভিল হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট নূরুল হক বলেন, আহত যাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাদের অনেকের অবস্থা এখনও গুরুতর। তিনি বলেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের জন্য শোক এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী মীর আবদুল কুদ্দুস বিজেনজো। বাস দুর্ঘটনায় আহত ব্যক্তিদের চিকিৎসা নিশ্চিত করার জন্য ঝোবের সিভিল হাসপাতালে জরুরি পরিস্থিতি ঘোষণা করার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন তিনি।

সড়ক দুর্ঘটনা/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *