১৭ জুলাই ২০২২ (নিউজ ডেস্ক): রাজধানীতে পানির মূল্য যৌক্তিভাবে নির্ধারণের জন্য ঢাকা ওয়াসাকে নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম।
রোববার রাজধানীর একটি হোটেলে ঢাকা ওয়াসার এলাকাভিত্তিক পানির মূল্য নির্ধারণ বিষয়ক টেকনিক্যাল স্টাডির (কারিগরি গবেষণা) ফলাফল উপস্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন।
তাজুল ইসলাম বলেন, পানির দাম অবশ্যই যৌক্তিকভাবে নির্ধারণ করতে হবে। মানুষের যাতে কষ্ট না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। আবার কম মূল্যে পানি সরবরাহ করতে গিয়ে প্রতিষ্ঠান যাতে অকার্যকর না হয়, সে দিকটাও লক্ষ্য রাখতে হবে।
তিনি বলেন, ভর্তুকি দিয়ে কোন প্রতিষ্ঠান টিকে থাকতে পারবে না। পানির দাম কত হবে, তা ওয়াসার বোর্ড সভার মাধ্যমে নির্ধারণ করতে হবে। অযৌক্তিকভাবে পানির দাম যেমন বাড়ানও উচিত নয়, তেমনি যৌক্তিক মূল্য প্রদানে অসহযোগিতা করার সুযোগ নেই। উৎপাদন খরচ কোনভাবেই বিক্রয়ের চেয়ে কম হতে পারে না। শুধু দাম বাড়ালেই প্রতিষ্ঠান লাভজনক হবে না। অব্যবস্থাপনা বা দুর্নীতির কারণে পানির দাম বৃদ্ধি পাচ্ছে কিনা সেটাও খতিয়ে দেখা হবে। দুর্নীতিকে কোনভাবেই সহ্য করা হবে না।
মন্ত্রী বলেন, অভিজাত এলাকায় বসবাসরত মানুষকে যে মূল্যে পানি দেয়া হয় বস্তিবাসী বা নিম্নবিত্তদের তার থেকে কম মূল্য পানি সরবরাহ করা উচিত। গরিব মানুষের কাছ থেকে রাজস্ব নিয়ে ধনীদের কম দামে পানি দেয়ার কোন সুযোগ নেই। এজন্য জোনভিত্তিক পানির মূল্য নির্ধারণ করতে হবে। শুধু পানি নয়- গ্যাস, বিদ্যুৎ ও হোল্ডিং ট্যাক্সসহ অন্যান্য ইউটিলিটিক্যাল সার্ভিসের মূল্য নির্ধারিত হওয়া উচিত।
আরও পড়ুন: বিএনপির রাজনীতি আর মাঠে নেই
ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী, ঢাকা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান ডক্টর গোলাম মোস্তফা এবং ওয়াটার এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হাসিনা জাহান।
তাজুল ইসলাম/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply