২৩ জানুয়ারি ২০২২ (ইন্টারন্যাশনাল ডেস্ক, নিউজিল্যান্ড): নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় বাতিল করেছেন নিজের বিয়ের পরিকল্পনা। জারি করেছেন কঠোর বিধিনিষেধ।
স্থানীয় সময় আজ রোববার জেসিন্ডা বিয়ে বাতিলের ঘোষণা দেন।
নতুন বিধিনিষেধে দুই ডোজ টিকা নিয়েছেন এমন ১শ’ জনকে কোনো অনুষ্ঠানে অংশ নেয়ার অনুমতি দিয়েছে নিউজিল্যান্ড সরকার।
বিধিনিষেধ সম্পর্কে জেসিন্ডা বলেন, ‘আমার বিয়েও হবে না। মহামারি ঠেকাতে বিধিনিষেধের কারণে এ ধরনের অভিজ্ঞতা এর আগে যাদের হয়েছে, আমিও তাদের দলে যোগ দিলাম। আমি খুবই দুঃখিত।’
একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে এক শহর থেকে অন্য শহরে যাওয়ার পথে এক পরিবারের নয়জন ওমিক্রনে আক্রান্ত হন। ওই পরিবার যে উড়োজাহাজে ভ্রমণ করেছিল, সেখানকার একজন কর্মীও ওমিক্রনে সংক্রমিত হন। এরপর স্থানীয় সময় গতকাল শনিবার মধ্যরাত থেকে নিউজিল্যান্ডে বিধিনিষেধ জারি করা হয়।
উল্লেখ্য, জেসিন্ডা আরডার্ন ও তার দীর্ঘদিনের সঙ্গী ক্লার্ক গেফোর্ড এর আগে কখনোই বিয়ের তারিখ ঘোষণা করেননি। তবে ধারণা করা হয়েছিল, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই তারা বিয়ে করবেন। তবে নতুন বিধিনিষেধের কারণে আগামী মার্চের আগে তাদের বিয়ে হওয়ার সম্ভাবনা নেই।
বিয়ের পরিকল্পনা বাতিলের অনুভূতি সম্পর্কে জেসিন্ডা বলেন, ‘জীবনটা এমনই। হাজারও নাগরিক থেকে আমি আলাদা নই। মহামারির কারণে অনেকের জীবনে হয়তো আরও বড় প্রভাব পড়েছে।’
জেসিন্ডা/টিটি/আরএম
আরও সংবাদ পড়তে ক্লিক করুন: http://artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD














