নিউজ ডেস্ক, মুন্সীগঞ্জ: সদর উপজেলায় পুলিশের সাথে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ হয়েছে। এতে পুলিশ, সাংবাদিকসহ শতাধিক আহত হয়েছেন।
বুধবার বেলা তিনটার দিকে উপজেলার মুক্তারপুরের পুরোনো ফেরিঘাট এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মুন্সীগঞ্জ সদর সার্কেল মিনহাজ উল ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিকুজ্জামানসহ কমপক্ষে ২৫ জন পুলিশ আহত হয়েছেন। আহত হয়েছেন দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার মোজাম্মেল হোসেন সজল, বাংলাভিশন প্রতিনিধি সোনিয়া হাবিব লাবনী, সমকালের জেলা প্রতিনিধি সাব্বির আহমেদ দীপু। এছাড়া গুরুতর আহত অবস্থায় দুই বিএনপি কর্মীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মুক্তারপুর ফেরিঘাট এলাকায় বিএনপির বিক্ষোভ সমাবেশ হওয়ার কথা ছিল। সভা শুরুর আগে একটি মিছিল নিয়ে সমাবেশে আসতে গেলে পুলিশ বাধা দেয় এবং ব্যানার কেড়ে নেয়। এসময় বিএনপির নেতা-কর্মীরা উত্তেজিত হয়ে ওঠেন। এতে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এসময় বিএনপি কর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকার্তা তারিকুজ্জামন জানান, বিএনপির মিছিল থেকে প্রথমে পুলিশের ওপর হামলা চালানো হয়। পরে পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। কিন্তু বিএনপি নেতাকর্মীরা মারমুখী হয়ে উঠলে পুলিশ বাধ্য হয়ে টিয়ারশেল ও শটগানের গুলি ছোড়ে।
সদর থানা বিএনপির সভাপতি মহিউদ্দিন আহমেদ জানান, পুলিশের নির্দেশনা অনুযায়ী আমরা শান্তিপূর্ণভাবে সমাবেশ করছিলাম। সমাবেশ চলাকালে বিক্ষিপ্তভাবে মিছিল আসতে থাকে। এসময় মুক্তারপুর থেকে একটি মিছিল আসতে গেলে পুলিশ তাদের ব্যানার কেড়ে নেয় এবং তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
সংঘর্ষ/এসকেএম/আরএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















Leave a Reply