পুলিশ সদস্য হত্যা মামলায় গ্রেফতার ২

নিউজ ডেস্ক: বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষে পুলিশ সদস্য নিহত হওয়ার ঘটনায় করা মামলায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

রোববার সকালে তাদের ঢাকা ও গাইবান্ধা থেকে গ্রেফতার করা হয়েছে।

রাজধানীতে গতকাল শনিবার বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে পুলিশ সদস্য মোহাম্মদ আমিরুল ইসলাম পারভেজ নিহত হন। এ ঘটনায় আজ সকালে পল্টন থানায় পুলিশ বাদী হয়ে মামলা করে। এরপর দুজনকে গ্রেফতারের কথা জানানো হলো।

পুলিশ জানায়, গ্রেফতার দুজন হলেন- শামীম রেজা ও মোহাম্মদ সুলতান। শামীম গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার যুবদলের আহ্বায়ক। তাকে সেখান থেকেই গ্রেফতার করা হয়েছে। সুলতানকে গ্রেফতার করা হয়েছে ঢাকার ডেমরা এলাকা থেকে।

নিহত পুলিশ সদস্য আমিরুল ইসলামের জানাজা রাজারবাগ পুলিশ লাইনস মাঠে অনুষ্ঠিত হয়েছে। সেখানে ঢাকা মেট্রোপলিটান পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান সাংবাদিকদের বলেন, গ্রেফতার দুজন সরাসরি হত্যায় অংশ নেন। সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়েছে।

শামীম রেজার ব্যাপারে জানতে যোগাযোগ করা হলে গাইবান্ধার পুলিশ সুপার মোহাম্মদ কামাল হোসেন বলেন, তাকে ডিএমপির কাছে হস্তান্তর করা হবে। তাকে হেফাজতে নেয়ার জন্য ডিএমপির একটি দল গাইবান্ধার উদ্দেশে রওয়ানা দিয়েছে।

নিহত পুলিশ সদস্য আমিরুল কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তার বাড়ি মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায়।

বিএনপির নেতা-কর্মীদের সাথে সংঘর্ষ চলার সময় ফকিরাপুলের বক্সকালভার্ট রোড এলাকায় আমিরুল মাথায় আঘাত পেয়ে রাস্তায় পড়ে যান। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উল্লেখ্য, গতকাল রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ ছিল। মহাসমাবেশ শুরুর আগেই কাকরাইলে দুপুর থেকে বিএনপির নেতা-কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়। পরে এই সংঘর্ষ অন্য এলাকায়ও ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বেলা তিনটার দিকে বিএনপির মহাসমাবেশ পণ্ড হয়ে যায়।

গ্রেফতার/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *