২৯ জুলাই ২০২১ (নিউজ ডেস্ক): প্রতি শনিবার সকালে ১০ মিনিট প্রত্যেককেই নিজ নিজ বাসা-বাড়ি পরিষ্কার করার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।
বৃহস্পতিবার মগবাজার চৌরাস্থা এলাকায় মশক নিধনে চিরুনী অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রমে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান তিনি।
মেয়র বলেন, নিজেদের ঘরবাড়ি ও আশেপাশের পরিবেশকে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমেই এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ করতে হবে। বাসাবাড়িতে ফুলের টব, অব্যবহৃত টায়ার, ডাবের খোসা, খোলা প্যাকেট বা পাত্র, ছাদ কিংবা অন্যকিছুতে যাতে পানি জমে না থাকে সে বিষয়ে খেয়াল রাখতে হবে।
ডিএনসিসি মেয়র এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধের লক্ষ্যে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন ‘তিন দিনে এক দিন, জমা পানি ফেলে দিন’।
তিনি বলেন, করোনা পরিস্থিতিতে যেন ডেঙ্গু ও চিকুনগুনিয়ায় কারও মৃত্যু না হয়। সেজন্যই কর্পোরেশনের ১০টি অঞ্চলের ৫৪টি ওয়ার্ডে একযোগে চিরুনী অভিযানসহ জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে।
মেয়র বলেন, নাগরিক সেবায় ‘সবার ঢাকা’ মোবাইল অ্যাপস, জরুরী সেবায় ৩৩৩ নম্বর এবং ডিএনসিসির ০৯৬০২২২২৩৩৩ ও ০৯৬০২২২২৩৩৪ নম্বর হটলাইন চালু রয়েছে। ‘সবার ঢাক’ মোবাইল অ্যাপস ব্যবহার করেও যে কোন নাগরিক অতি সহজেই সরাসরি তার মতামত কিংবা অভিযোগ ডিএনসিসির কাছে তুলে ধরতে পারছেন। এবং দ্রুততম সময়ের মধ্যেই উক্ত সমস্যার সমাধান পাচ্ছেন।
তিনি বলেন, নগরবাসীর কল্যাণে ডিএনসিসির ৪৪টি নগর সাস্থ্যকেন্দ্রেই ডেঙ্গু রোগের ফ্রি পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।
মোহাম্মদ আতিকুল ইসলাম ‘মাস্ক আমার, সুরক্ষা সবার’ উল্লেখ করে সবাইকে যথাযথভাবে মাস্ক পরিধানের আহ্বান জানান। বলেন, নিজের পরিবারসহ শহর ও দেশকে সুরক্ষিত রাখার জন্য কোভিড-১৯ এর বিস্তার রোধে আমাদের সবাইকেই সরকারী নির্দেশনাসহ স্বাস্থ্যবিধিসমূহ যথাযথভাবে মেনে চলতে হবে।
এসময় অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জোবায়দুর রহমান এবং স্থানীয় কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
মেয়র আতিকুল ইসলাম/এসকেএম














