ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন, পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক চিঠিতে এ শুভেচ্ছা জানান।
চিঠিতে মমতা বলেন, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আপনাকে, আপনার পরিবারকে এবং আপনার মাধ্যমে সকল বাংলাদেশিকে আমার অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি।
চিঠিতে বলা হয়, ঈদুল আযহা ত্যাগের উৎসব। বাংলাদেশের পাশাপাশি ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গেও এই দিনটি যথাযথ মর্যাদা সহকারে পালিত হয়। আশা করবো এই উৎসব আপনার খুব ভালো কাটবে।
মমতা বন্দোপাধ্যায় বলেন, ভৌগোলিকভাবে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ ভিন্ন হলেও আমরা পরস্পরের একান্ত আপন।। দুই বাংলার ভাষা ও সংস্কৃতি এক।তাই উৎসবের আনন্দও ভাগ করে নিতে এই পত্রের অবতারণা।
প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনার নেতৃত্বে আমাদের পরম প্রতিবেশী বাংলাদেশ রাষ্ট্রের আরো শ্রীবৃদ্ধি হবে, এই কামনা করছি।’ চিঠিতে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
এর আগে, শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো এক বার্তায় বাংলাদেশের জনগণ সরকারকে শুভেচ্ছা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাতে তিনি বলেন, ঈদুল আযহা উপলক্ষ্যে বাংলাদেশের জনগণ ও সরকারকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।
উল্লেখ্য, ঈদ উপহার হিসেবে ভারত সরকার বাংলাদেশকে ট্রেনের ১০টি ইঞ্জিন উপহার দিয়েছে।















