১১ সেপ্টেম্বর ২০২২ (নিউজ ডেস্ক): প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর অত্যন্ত সফল ও সন্তোষজনক হয়েছে এবং দুই দেশের সরকার তা ব্যক্ত করেছে। অন্যদিকে বিএনপির এতে মন খারাপ হয়েছে। সে কারণে উনারা এখন আবোল-তাবোল বকছেন। এমনটাই বলেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ।
রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফর অত্যন্ত সফল এবং ফলপ্রসূ হয়েছে। এই সফরে অনেকগুলো চুক্তি এবং সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সবচেয়ে বড় অর্জন হচ্ছে ভারতের স্থলভাগ ব্যবহার করে বিনা শুল্কে তৃতীয় দেশে পণ্য রপ্তানির সুযোগ। এটির জন্য আমরা বহু বছর ধরে চেষ্টা করে এসেছি।
তিনি বলেন, এতদিন ধরে ভারতের স্থলভাগ ব্যবহারের বিষয়ে যে বাধা ছিল তা দূরীভূত হয়েছে। বাংলাদেশ এখন চট্টগ্রাম এবং মংলা বন্দর দিয়ে ভারতের স্থলভাগের ওপর দিয়ে নেপাল এবং ভুটানের সাথে পণ্য আমদানি এবং রপ্তানি করতে পারবে। এটি একটি বড় অর্জন।
হাছান মাহমুদ বলেন, ২০টি পণ্য ছাড়া বাংলাদেশের সব পণ্য রপ্তানিতে ভারত শুল্কমুক্ত সুবিধা দিয়েছে, যেগুলো অন্য কেউ আদায় করতে পারেনি। আর কুশিয়ারা নদীর পানি নিয়েও আমাদের পক্ষে যে চুক্তি হয়েছে সেটি একটি বড় অর্জন।
তিস্তা নদীর পানিবন্টন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, তিস্তা চুক্তির ব্যাপারে ভারতের কেন্দ্রীয় সরকারের কোনও আপত্তি নেই। কিন্তু ভারতের বিধি-বিধান অনুযায়ী সেখানে রাজ্য সরকারের একটি অনুমোদন লাগে। রাজ্যের পক্ষ থেকে যেহেতু আপত্তি আছে সে কারণে এটি এতোদিন ধরে এগোয়নি। তবে এটি নিয়ে আলাপ-আলোচনা চলছে। আশা করছি নিশ্চয়ই খুব শীঘ্রই এটির সমাধান হবে।
এর আগে জাতীয় প্রেস ক্লাবের উদ্যান উপ-কমিটি আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন তথ্যমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ।
প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ শাহেদ চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, বাংলাদেশ সংবাদ সংস্থার প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাইফুল আলম, বিএফইউজের সাবেক মহাসচিব আব্দুল জলিল ভূঁইয়া, আর্ট নিউজের প্রধান সম্পাদক রহমান মুস্তাফিজ, সিনিয়র সাংবাদিক রফিকুল ইসলাম রতনসহ অন্যরা।
তথ্যমন্ত্রী/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply