১২ জুন ২০২১ (নিউজ ডেস্ক): পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোহাম্মদ শাহাব উদ্দিন বলেছেন, সারাবিশ্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের রোল মডেল। বিশ্বের প্রথম পাঁচ জন প্রধানমন্ত্রীর মধ্যে শেখ হাসিনা অন্যতম। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে। দেশের মানুষের জীবনমান উন্নয়নের জন্য তিনি দিনরাত পরিশ্রম করছেন।
শনিবার মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। এসময় মন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয় হতে প্রাপ্ত ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক গোষ্ঠীর শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি, উপকরণ ও বাইসাইকেল, মন্ত্রীর ঐচ্ছিক তহবিলের চেক এবং মসজিদ-মন্দির এর অনুদানের চেক বিতরণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরও বলেন, এতো উন্নয়নের পরেও প্রধানমন্ত্রী ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত আছে, যা মোকাবেলায় আমাদের সবাইকে সজাগ থাকতে হবে।
মন্ত্রী বলেন, দুঃখী মানুষের মুখে হাসি ফোঁটাতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। দেশের একটি মানুষও গৃহহীন থাকবে না। গৃহহীনদের মুখে হাসি ফোটাতে সরকার বদ্ধপরিকর। দেশের অসহায় ও দরিদ্র মানুষদের বিভিন্ন ভাতার মাধ্যমে সহযোগিতা করছে সরকার। করোনায় যখন সারা বিশ্বের উন্নয়ন বন্ধ রয়েছে ঠিক তখনই বাংলাদেশে উন্নয়নমূলক কাজ অব্যাহত রয়েছে।
জুড়ী উপজেলা নির্বাহী অফিসার আল- ইমরান রুহুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা বদরুল হোসেন, সাধারণ সম্পাদক মাসুক আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস এবং মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিত শর্মাসহ অন্যরা।
মোহাম্মদ শাহাব উদ্দিন/এসকেএম















