প্রধান বিচারপতি হলেন হাসান ফয়েজ সিদ্দিকী

৩০ ডিসেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): দেশের ২৩তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে।

বৃহস্পতিবার রাষ্ট্রপতির নির্দেশক্রমে প্রধান বিচারপতির নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়।

এদিকে, বর্তমান প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন অবসরে গেছেন আজ। দেশের ২২তম প্রধান বিচারপতি হিসেবে আজই ছিল তার শেষ কর্মদিবস। সংবিধান অনুযায়ী ৬৭ বছর বয়স পর্যন্ত বিচারপতি পদে থাকা যায়। সে হিসেবে বর্তমান প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের ৬৭ বছর পূর্ণ হচ্ছে ৩০ ডিসেম্বর।

প্রধান বিচারপতি নিযুক্ত করার বিষয়ে সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি আপিল বিভাগের যে বিচারপতিকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেবেন, তার বিষয়ে সম্মতি দিয়ে প্রথমে আইন মন্ত্রণালয়কে জানান। এরপর এ সংক্রান্ত ফাইল প্রধানমন্ত্রীর কার্যলয়ে হয়ে বঙ্গভবনে যায়। সেখানে রাষ্ট্রপতি স্বাক্ষরের পর প্রধান বিচারপতি নিয়োগের প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়।

সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য অনুযায়ী, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী কুষ্টিয়ার খোকসা উপজেলার রমানাথপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭২ সালে এসএসসি, ১৯৭৪ সালে, আইএসসি এবং ১৯৭৬ সালে বিএ পাস করেন। মাস্টার্স করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে। এলএলবি পাশ করেন ধানমণ্ডি ল কলেজ থেকে।

১৯৮১ সালে ঢাকা জজ কোর্টে আইন পেশায় যোগদান করেন তিনি। ১৯৮৩ সালে হাইকোর্ট বিভাগে এবং ১৯৯৮ সালে আপিল বিভাগে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন।

হাসান ফয়েজ সিদ্দিকী ২০০১ সালে হাইকোর্টে অতিরিক্ত বিচারপতি, ২০০৯ সালে হাইকোর্ট ডিভিশনে স্থায়ী বিচারপতি এবং ২০১৩ সালের ২৮ মার্চ আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পান।

আইন মন্ত্রণালয়/এসকেএম/আরএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *