প্রাণবন্ত, স্বাধীন, বৈচিত্র্যপূর্ণ ও সোচ্চার গণমাধ্যম

১ মার্চ ২০২১ (নিউজ ডেস্ক): ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেছেন, বাংলাদেশের গণমাধ্যম প্রাণবন্ত, স্বাধীন, বৈচিত্র্যপূর্ণ এবং অত্যন্ত সোচ্চার।

সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে সংস্কার করা মিডিয়া সেন্টারের উদ্বোধন করে তিনি এমন মন্তব্য করেন। বলেন, বাংলাদেশের গণমাধ্যম অনেক অর্থেই আমাদের (ভারত) গুরুত্বপূর্ণ অংশীদার।

হাই কমিশনার বলেন, নয়াদিল্লি ভারত ও বাংলাদেশের মধ্যে সর্বোত্তম বোঝাপড়া নিশ্চিত করার উপর জোর দেয়।

দোরাইস্বামী বলেন, বাংলাদেশ ও ভারতের বন্ধুত্ব প্রতিষ্ঠিত হয় ১৯৭১ সালে এবং দুই দেশের মধ্যে অংশীদারিত্ব এগিয়ে যাচ্ছে। এক্ষেত্রে বাংলাদেশের গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভারত সবসময় বাংলাদেশের গণমাধ্যমের প্রতি মনোযোগ দেয়।

জাতীয় প্রেস ক্লাব এমন একটি স্থান যা বাংলাদেশের চেতনা ধারণ করে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সংগ্রামের ইতিহাসকে ভারত মূল্যায়ন এবং শ্রদ্ধা করে।

প্রেস ক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন মিডিয়া সেন্টারের উন্নয়নে ভারতীয় হাই কমিশনের সহায়তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বলেন, দুই বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে সম্পর্ক সব দিক থেকেই প্রসারিত হচ্ছে।

উল্লেখ্য, ভারতীয় হাই কমিশন জাতীয় প্রেস ক্লাব মিডিয়া সেন্টারের সুবিধা উন্নীতকরণ ও সম্প্রসারণে সহায়তা করেছে।

প্রেস ক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক ইলিয়াস খান, সিনিয়র সহ-সভাপতি হাসান হাফিজ, যুগ্ম সম্পাদক মইনুল আলম ও আশরাফ আলী, কোষাধ্যক্ষ শাহেদ চৌধুরী, ব্যবস্থাপনা কমিটির সদস্য রহমান মুস্তাফিজ, আইয়ুব ভূঁইয়া, কাজী রওনক, রেজানুর রহমান, শাহনাজ সিদ্দিকী সোমা, শাহনাজ বেগম পলি এ সময় উপস্থিত ছিলেন।

ভারতীয় হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি শ্বাশতী আরিয়া ও প্রেস অ্যাটাশে দেবব্রত পাল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মিডিয়া সেন্টার/এএমএম/কিউটি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *