ফকির আলমগীর মারা গেছেন

২৪ জুলাই ২০২১ (বিনোদন ডেস্ক): করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন দেশবরেণ্য গণসংগীতশিল্পী ফকির আলমগীর। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।

শুক্রবার রাত ১০টা ৫৬ মিনিটে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দেশ বরেণ্য এই গণসংগীতশিল্পী। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন ছেলে মাশুক আলমগীর রাজিব।

প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার ইউনাইটেড হাসপাতালে গত চার দিন ধরে লাইফ সাপোর্টে ছিলেন এই শিল্পী।

চিকিৎসকরা জানিয়েছেন, তার বাঁ ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে গত শুক্রবার। পাশাপাশি রক্তে সংক্রমণ ছড়িয়ে পড়ে। আজ রাত সাড়ে ৯টার দিকে তার হার্ট অ্যাটাক হলে সব আশা শেষ হয়ে যায়।

ষাটের দশক থেকে গণসংগীতের সাথে যুক্ত ছিলেন ফকির আলমগীর। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে কেন্দ্রে যোগ দেন তিনি।

সংগীতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য সরকার ১৯৯৯ সালে ফকির আলমগীরকে একুশে পদক দেয়।

ফকির আলমগীর/এসকেএম