ফিনল্যান্ডে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৭ সেপ্টেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): ফিনল্যান্ডে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাওয়ার পথে ফিনল্যান্ডে যাত্রা বিরতি করেছেন প্রধানমন্ত্রী।

শুক্রবার স্থানীয় সময় বিকাল ৩টা ৩৭ মিনিটে ফিনল্যান্ডের হেলসিঙ্কি ভানতা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম আজ সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ফিনল্যান্ডে বাংলাদেশের অনাবাসী রাষ্ট্রদূত মোহাম্মদ নাজমুল ইসলাম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

অন্যদের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আবদুল মোমেন এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম এ সফরে প্রধানমন্ত্রীর সাথে রয়েছেন।

এর আগে শুক্রবার সকাল  ৯টা ২৩ মিনিটে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি চার্টার্ড ফ্লাইট প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে হেলসিঙ্কির উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী একেএম মোজাম্মেল হক, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহমেদ কায়কাউস এবং পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।

নিউইয়র্ক যাওয়ার পথে শেখ হাসিনা ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কিতে দুই দিনের জন্য যাত্রাবিরতি করবেন।

প্রধানমন্ত্রী ১৯ সেপ্টেম্বর হেলসিঙ্কি থেকে স্থানীয় সময় বিকাল ৪টায় নিউইয়র্কের উদ্দেশ্যে রওনা হবেন। একই দিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় পৌঁছানোর কথা রয়েছে।

পিএম/এসকেএম

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *