ফেরদৌস আহমেদ কোরেশী মারা গেছেন

সিনিয়র সাংবাদিক ও রাজনীতিক ডক্টর ফেরদৌস আহমেদ কোরেশী মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। মঙ্গলবার সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

সোমবার দুপুরে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি স্ত্রী, দুই মেয়ে, এক ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন।

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ৬০-এর দশকের ছাত্রনেতা ডক্টর কোরেশী তৎকালীণ অবিভক্ত পাকিস্তান ছাত্রলীগের সভাপতি ছিলেন। তিনি ১৯৬১ সালে ডাকসু’র ভিপি নির্বাচিত হন। ৬ দফা এবং ১১ দফার ছাত্র ও গণআন্দোলন এবং ১৯৬৯-এর গণঅভ্যুত্থানে অগ্রণী ভূমিকা রাখেন।

তিনি বিএনপি’র প্রথম যুগ্ম মহাসচিব ছিলেন। ২০০৭ সালে কিংস পার্টি নামে পরিচিত প্রগতিশীল গণতান্ত্রিক পার্টি (পিডিপি) নামের রাজনৈতিক দল গঠন করেন। ফেরদৌস আহমেদ কোরেশী আমৃত্যু পিডিপি’র চেয়ারম্যান ছিলেন।

জাতীয় প্রেস ক্লাব সভাপতি সাইফুল আলম ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন এক বিবৃতিতে ক্লাবের সিনিয়র সদস্য ডক্টর ফেরদৌস আহমেদ কোরেশীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

বিবৃতিতে তারা বলেন, সাবেক ছাত্রনেতা ফেরদৌস আহমেদ কোরেশীর মৃত্যুতে সাংবাদিকতার অপূরণীয় ক্ষতি হল। এই ক্ষতি পূরণ হবার নয়। তারা শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *