২৯ মার্চ ২০২১ (নিউজ ডেস্ক): প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে পানি ব্যবস্থাপনা ও উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এমনটাই বলেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী অবসরপ্রাপ্ত কর্ণেল জাহিদ ফারুক।
সোমবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উদ্যোগে ভার্চ্যুয়ালী আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাহিদ ফারুক এসব কথা বলেন।
তিনি বলেন, আর বঙ্গবন্ধুর সোনার বাংলাকে টেকসই করবে তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডেল্টাপ্ল্যান পরিকল্পনা। কারণ বাংলাদেশের মতো নদীমাতৃক দেশে পানির স্থায়ী ব্যবস্থাপনা ছাড়া কোন উন্নয়নই টেকসই হবে না।
জাহিদ ফারুক বলেন, সুপেয় পানি জাতিসংঘ স্বীকৃত একটি মানবাধিকার। আমাদের দেশে প্রায় ৮০ ভাগ মানুষ নিরাপদ সুপেয় পানি পায়।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৩০ সালের মধ্যে এসডিজির লক্ষ্যমাত্রা অনুযায়ী দেশের শতভাগ মানুষের জন্য সুপেয় পানি নিশ্চিত করার লক্ষ্যে সরকার কাজ করছে।
আগামী ৩১ মার্চ পর্যন্ত অনুষ্ঠেয় এই দ্বি-বার্ষিক কনফারেন্সে পানি ও বন্যা ব্যবস্থাপনা কৌশল সংশ্লিষ্ট পাঁচ মহাদেশের ২০ দেশ থেকে প্রায় ২শ’ প্রবন্ধ উপস্থাপন করা হবে।
‘৮ম আন্তর্জাতিক পানি ও বন্যা ব্যবস্থাপনা কনফারেন্স-২০২১’ আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বুয়েট’র উপাচার্য অধ্যাপক ডক্টর সত্য প্রসাদ মজুমদার। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ডক্টর আবদুল জব্বার খান। স্বাগত বক্তব্য রাখেন আইসিডব্লিউ এফএমের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর আনিসুল হক।
জাহিদ ফারুক/এসকেএম













