১৮ জুন ২০২২ (নিউজ ডেস্ক): তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাছান মাহমুদ বলেছেন, সিলেটসহ দেশের বন্যাপ্লাবিত এলাকায় প্রশাসনের পাশাপাশি আওয়ামী লীগ নেতাকর্মীরা কাজে ঝাঁপিয়ে পড়েছে। আমাদের দলের নেতাকর্মী ছাড়া অন্য কোনও দলের নেতাকর্মীরা বন্যার্তদের পাশে নেই।
শনিবার নিজ নির্বাচনী এলাকা চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় তিনি একথা বলেন। তিনি উপজেলার অ্যাডভোকেট নুরুচ্ছফা তালুকদার পৌর অডিটরিয়ামে উপজেলার স্কুল ও কলেজ শিক্ষকদের সাথে মতবিনিময় করছিলেন।
আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ঢাকায় বসে কেউ টক শোতে বক্তৃতা দিচ্ছেন। আবার কেউ নয়াপল্টনে কিংবা প্রেস ক্লাবের সামনে সরকারের বিরুদ্ধে অনেকে বিষোদগার করছেন। কিন্তু বন্যার্তদের সাহায্য করতে কেউ ঝাঁপিয়ে পড়েনি। ঝাঁপিয়ে পড়েছে প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রশাসন ও আওয়ামী লীগ নেতাকর্মীরা।
এসময় পদ্মাসেতু নিয়ে মন্ত্রী বলেন, কেউ ভাবেনি কখনও নিজের টাকায় বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা, আওয়ামী লীগ সরকার পদ্মাসেতু নির্মাণ করতে পারবে। আমরা যখন পদ্মাসেতু নির্মাণ শুরু করে দিয়েছি, বিশ্বব্যাংক কানাডার আদালতে হেরে যায়। কানাডার আদালতে আমাদের সরকার যায়নি, বিশ্বব্যাংকই গেছে এবং তারাই হেরে গেছে। তাদের অভিযোগ যে ভূয়া, মনগড়া এবং উদ্দেশ্যপ্রণোদিত ছিল, কানাডার আদালতে সেটি প্রমাণিত হয়। পদ্মাসেতু নিয়ে কোন দুর্নীতি হয়নি, দুর্নীতির চেষ্টাও হয়নি।
এসময় শিক্ষকদের উদ্দেশ্যে হাছান মাহমুদ বলেন, শুধুমাত্র বস্তুগত উন্নয়নের মাধ্যমেই দেশকে উন্নত করা আমাদের লক্ষ্য নয়। নতুন প্রজন্মের মাঝে মেধা, মূল্যবোধ দেশাত্মবোধ, মমত্ববোধের সমন্বয় ঘটিয়ে উন্নত মানবিক রাষ্ট্র গড়তে হবে।
তথ্যমন্ত্রী/এসকেএম/আরএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply