বাংলাদেশ নিয়ে ফেসবুকে সরব মোদি

২৭ মার্চ ২০২১ (নিউজ ডেস্ক): বাংলাদেশে দুই দিনের সফরে এসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে অংশ নিয়েছেন। সফরের বিভিন্ন কর্মসূচির ছবি নিজের ফেসবুকের ভেরিফায়েড পেইজে শেয়ার দিয়েছেন তিনি।

শুক্রবার সকালে তিনি বাংলাদেশে আসেন। বিমানবন্দরে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় শেখ হাসিনা তাকে ফুল দিয়ে স্বাগত জানান। নরেন্দ্র মোদি নিজের পেইজে সে ছবি পোস্ট করে কৃতজ্ঞতা জানান শেখ হাসিনার প্রতি। লিখেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানবন্দরে বিশেষভাবে স্বাগত জানিয়েছেন। এই সফর দুই জাতির মধ্যে সম্পর্ক আরও জোরদার করবে।’

নরেন্দ্র মোদি বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেয়া তার বেশ কিছু ছবি ও ভিডিও ক্লিপ ফেসবুকে পোস্ট করেছেন। প্রতিটি ছবি ও ভিডিও’তে শেয়ার করেছেন নিজের প্রতিক্রিয়া।

নরেন্দ্র মোদিস তার ফরের দ্বিতীয় দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধ পরিদর্শন করেন এবং বাঙালি জাতির জনকের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তার সাথে ছিলেন বঙ্গবন্ধুর দুই মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা। তারা সমাধি সৌধের বিভিন্ন অংশ ভারতের প্রধানমন্ত্রীকে ঘুরে দেখান।

টুঙ্গীপাড়ায় তিনি পরিদর্শক বইয়ে স্বাক্ষর করেন। এছাড়া সমাধিসৌধ প্রাঙ্গণে তিনি একটি গাছের চারাও রোপণ করেন। নরেন্দ্র মোদি বঙ্গবন্ধুর সমাধিসৌধেরও বেশ কয়েকটি ছবি আপলোড করেন।

নরেন্দ্র মোদি সকালে যশোর জেলার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর গ্রামে শতবর্ষী যশোরেশ্বরী কালী মন্দির পরিদর্শন করেন। মন্দিরে প্রবেশের সময় মোদিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় তিনি গেট থেকে দেবীর আসন পর্যন্ত যেতে যেতে সবার প্রতি শ্রদ্ধা প্রকাশ করেন। তিনি যশোরেশ্বরী কালী মন্দিরে পূজা অর্চনা সম্পন্ন করেন। নরেন্দ্র মোদি এ সময় কালীমাতাকে সোনার মুকুট, লালগুজরাটি শাড়ি, ফল ও মিষ্টি নিবেদন করেন। পরে তিনি মন্দির থেকে বেরিয়ে আসেন এবং ভক্তদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন।

এর আগে, শুক্রবার রাতে নরেন্দ্র মোদির সাথে বাংলাদেশের বরেণ্য ব্যক্তিরা সৌজন্য সাক্ষাত করেন। এ সময় সমাজকর্মী অ্যারোমা দত্ত এমপি, একাত্তরের শহীদের সন্তান ডাক্তার নুজহাত চৌধুরী, ক্রিকেটার সাকিব আল হাসান, মাশরাফি বিন মর্তুজা, নাট্যজন পীযূষ বন্দ্যোপাধ্যায়, অধ্যাপক নিম চন্দ্র ভৌমিকসহ অনেকে উপস্থিত ছিলেন। নরেন্দ্র মোদি এই আয়োজনের ছবিও নিজের ভেরিফায়েড পেইজে আপলোড করেন।

নরেন্দ্র মোদির প্রতিটি ছবি ও ভিডিও ক্লিপ ইতোমধ্যেই ভাইরাল হয়েছে। প্রতিটি পোস্টে লাখ লাখ রিয়্যাক্ট ও কমেন্ট হয়েছে। শেয়ারও হয়েছে কয়েক লাখ করে।

উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগ মাধ্যমে সবসময়ই সক্রিয় থাকেন। তিনি নিয়মিতই সমসাময়িক বিষয় ও নিজের বিভিন্ন কর্মসূচির ছবি ও ভিডিও ফেসবুক ও ট্যুইটারে আপলোড করেন। এছাড়া প্রতিদিন যেসব অনুষ্ঠানে অংশ নেন তা ফেসবুক লাইভের মাধ্যমে শেয়ার করেন।

মোদি/এসকেএম/রমু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *