‘বাংলাদেশ বিশ্বের জন্য মডেল হিসেবে কাজ করছে’

নিউজ ডেস্ক: মুক্তিযুদ্ধের পরে দেশ পুনর্গঠন এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উচ্ছ্বসিত প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসন বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী জুলিয়েটা ভালস নয়েস। বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি, অন্তর্ভুক্তি ও উন্নয়নের পথ তৈরি করে বাকি বিশ্বের কাছে আজ বাংলাদেশ একটি মডেল হিসেবে কাজ করছে।

তিনি ১০ লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দেয়ায় বাংলাদেশের উদারতার ভূয়সী প্রশংসা করেন। বলেন, ২০১৭ সালে কয়েক লাখ রোহিঙ্গা বার্মায় সংগঠিত গণহত্যা থেকে বাঁচার জন্য পালিয়ে এসেছিল। বাংলাদেশ তাদের জন্য দরজা খুলে দিয়েছে। দেশের মানুষ তাদের সাহায্যের হাত ও হৃদয় উন্মুক্ত করে দিয়েছে।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৫৩তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাস আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

দূতাবাসের বঙ্গবন্ধু মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান।

জুলিয়েটা বলেন, দুই দেশ অভিবাসীদের এবং শক্তিশালী ব্যবসায়িক সংযোগের মাধ্যমে ঘনিষ্ঠ বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক গড়ে তুলেছে। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের সাথে সহযোগিতা অব্যাহত ও সম্প্রসারণে তারা আগ্রহী- যাতে রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধানকে এগিয়ে নেয়া যায়।

বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি শক্তিশালী অর্থনৈতিক সম্পর্কের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশ ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী বলে মন্তব্য করেন।

অনুষ্ঠানে ভার্জিনিয়ার স্টেট সিনেটর জে চ্যাপম্যান পিটারসেন, বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক ডক্টর আহমদ কায়কাউস, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকসহ প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।

যুক্তরাষ্ট্র/এএমএম/টিটি

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ