নিউজ ডেস্ক: বাংলাদেশ বৈশ্বিক খাদ্য ও জ্বালানী নিরাপত্তা নিশ্চিত করার জন্য সব দেশের মধ্যে শান্তি ও স্থিতিশীলতা দেখতে চায়। এমনটাই বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে শেখ রাসেলের জন্ম-বার্ষিকী উপলক্ষ্যে এক আলোচনা সভায় অংশগ্রহণের পর তিনি সাংবাদিকদের বলেন, আমরা একটি পারস্পারিক সম্পর্কযুক্ত বিশ্বে বসবাস করি। তাই, আমরা সব দেশের মধ্যে শান্তি ও স্থিতিশীলতা দেখতে চাই।
ডক্টর মোমেন বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বৈশ্বিক সরবরাহ ও আর্থিক ব্যবস্থা বিঘ্নিত হচ্ছে। উদ্ভূত পরিস্থিতিতে, আসন্ন শীত মৌসুমে জ্বালানী সংকটের কারণে গোটা ইউরোপ আরও কঠিন পরিস্থিতির সম্মুখীন হবে।
তিনি বলেন, বাংলাদেশ দূরদর্শীতার সাথে ওই সব চ্যালেঞ্জ মোকাবেলায় খাদ্য ও জ্বালানী নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুতিমূলক পদক্ষেপ গ্রহণ করছে- যা যুদ্ধের কারণে আবির্ভূত হতে পারে।
এ ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক নির্দেশনার কথা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার প্রতিটি কৃষি জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত ও খাদ্য অপচয় রোধে পদক্ষেপ গ্রহণ করেছে।
এর আগে আলোচনা সভায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, শেখ রাসেলের মতো এমন নির্মম হত্যাকাণ্ড বাংলাদেশ আর দেখতে চায় না। বাংলাদেশ প্রতিটি শিশুর জন্য একটি সুন্দর পৃথিবী নিশ্চিত করতে চায়।
তিনি বলেন, আমাদের শিশুদের অধিকার, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের অধিকার নিশ্চিত করতে হবে।
এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনও বক্তব্য রাখেন।
পররাষ্ট্রমন্ত্রী/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply