১৬ আগস্ট ২০২২ (নিউজ ডেস্ক): রাজধানীতে বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের কাজ আপাতত বন্ধের নির্দেশ দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।
মঙ্গলবার সকালে উত্তরার জসীমউদ্দীন সড়কে ক্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে তিনি এ নির্দেশ দেন। উত্তরায় গার্ডার চাপায় পাঁচ জন নিহত হওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন তিনি।
মেয়র আতিকুল ইসলাম বলেন, এ প্রকল্পের কাজে ন্যূনতম নিরাপত্তাব্যবস্থা নেই। ফলে কিছুদিন পরপরই দুর্ঘটনা ঘটছে। জনদুর্ভোগ বাড়ছে। এভাবে উন্নয়নকাজ চলতে দেয়া যাবে না। আগে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
মেয়র বলেন, বিআরটি কর্তৃপক্ষ আমার সামনে আছেন। আমি গতকালও তাদের সাথে কথা বলেছি। সচিবের সাথেও কথা হয়েছে। আমি বলেছি বিআরটির কাজ বন্ধ করে দেব। আপনারা আমার সাথে পরশু বসবেন। শুধু এই প্রজেক্টই নয়, ঢাকা শহরে যতগুলো প্রজেক্ট চলছে, সবগুলো বন্ধ থাকবে।
তিনি আরও বলেন, ঢাকায় বিআরটিসহ অনেক প্রকল্পের কাজ চলমান। সব প্রকল্পের পরিচালকদের আগামী বৃহস্পতিবার নগর ভবনে ডাকা হয়েছে। তারা নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করলেই কাজ শুরু করতে পারবে।
প্রসঙ্গত, রাজধানীর উত্তরার জসীমউদ্দীন সড়কে বিআরটি প্রকল্পের একটি গার্ডার পড়ে প্রাইভেটকারের ৫ যাত্রী নিহত হয়েছেন। এদের মধ্যে দুই শিশু ও একজন নারী। এ সময় আহত হন আরও দুজন।
মেয়র আতিক/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply