বিএনপির মূল কৌশল দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করা

নিউজ ডেস্ক: বিএনপি যাই বলুক, তাদের মূল কৌশল দেশে বিশৃঙ্খলা সৃষ্টি এবং নির্বাচন ভন্ডুলের অপচেষ্টা করা, যা মির্জা ফখরুলের বক্তব্যে স্পষ্ট। এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাছান মাহমুদ।

ঈদুল আজহার পর প্রথম কর্ম দিবসে রোববার দুপুরে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে মন্ত্রী এ মন্তব্য করেন।

এ সময় সাংবাদিকরা বিএনপি মহাসচিবের বক্তব্য ‘তাদের এক দফার আন্দোলনে কৌশলগত পরিবর্তন আনা হবে’ এ নিয়ে প্রশ্নের জবাবে হাছান বলেন, বিএনপি কিছুদিন পরপরই কৌশল পরিবর্তন করে। কোনও সময় তারা হাঁটা, কোনও সময় বসা কর্মসূচি দেয়। কিন্তু তাদের মূল কৌশল দেশে বিশৃঙ্খলা সৃষ্টি এবং নির্বাচন ভন্ডুলের অপচেষ্টা।

‘সরকারের পদত্যাগ ছাড়া নির্বাচন হতে দেয়া হবে না’ মির্জা ফখরুলের এ বক্তব্য মার্কিন ভিসানীতির পরিপন্থী কি না জানতে চাইলে তিনি বলেন, মার্কিন ভিসানীতিতে বলা হয়েছে, যারা নির্বাচন বাধাগ্রস্ত করবে, তাদের ক্ষেত্রে এটি প্রয়োজ্য হবে। ঘোষণা অনুযায়ী যারা নির্বাচন ভন্ডুল করার চেষ্টা করবে, তাদের ওপরও এটি বর্তাবে।

সরকারের সাথে জামায়াতে ইসলামীর যোগাযোগ স্পষ্ট বলে বিএনপির মহাসচিবের দাবি জামায়াত অস্বীকার করেছে- এ বিষয়ে প্রশ্নের জবাব দেন মন্ত্রী। বলেন, জামায়াতে ইসলামী বিএনপির জোটে আছে। জোটের প্রধান শরিক তারা। আর দলটি সম্পর্কে যে বক্তব্য মির্জা ফখরুল দিয়েছেন, তা তো জামায়াতই অস্বীকার করেছে।

তিনি বলেন, জামায়াত যেহেতু একটি রাজনৈতিক দল, তারা সমাবেশ করতে চেয়েছে বলে অনুমতি দেয়া হয়েছে। আমাদের সাথে জামায়াতের কোনও যোগাযোগ নেই, যোগাযোগের প্রয়োজনও নেই।

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও রেমিট্যান্স বেড়েছে, পাশাপাশি জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) সহায়তা বৃদ্ধি পাচ্ছে -এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, বাংলাদেশ ব্যাংক থেকে আগেই বলা হয়েছিল যে, দ্রুতই আমাদের অর্থনীতি ইতিবাচক ধারায় ফিরবে। সেটির প্রতিফলন হয়েছে গত মাসে। আমাদের রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।

তিনি বলেন, গত বছরের একই সময়ের তুলনায় ৫৮ শতাংশ বেশি রেমিট্যান্স এসেছে। এক মাসে ২০২ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। একই সাথে জাইকা ২ হাজার ২৭৩ কোটি টাকা ঋণ দেয়ার ঘোষণা দিয়েছে। সামনের দিনগুলোতে অর্থনীতি আরও চাঙ্গা হবে।

তথ্যমন্ত্রী/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *