বিএনপি আসুক বা না আসুক নির্বাচন অনুষ্ঠিত হবে

২ জানুয়ারি ২০২২ (নিউজ ডেস্ক): কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেছেন, বিএনপি আসুক বা না আসুক সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। আর নির্বাচনকালীন সরকার গঠনের বিধান সংবিধানে নেই।

রোববার টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে আলোচনা সভা, চেক বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী এসব কথা বলেন।

জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় ও স্বেচ্ছাসেবী সংস্থাসমূহের উদ্যোগে অয়োজিত অনুষ্ঠানে কৃষিমন্ত্রী বলেন, বর্তমান সরকার এমন নির্বাচন কমিশন গঠন করবে, যার উপর সবার আস্থা থাকবে। এ কমিশন সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করবে।

তিনি বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি নানান আন্দোলনের হুমকি দিচ্ছে। কিন্তু আন্দোলন করে, হুমকি দিয়ে সংবিধানের বিধান থেকে আমাদের সরাতে পারবে না।

নির্বাচনের সময় সেনাবাহিনী, আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনী, প্রশাসনসহ সবকিছু নিয়ন্ত্রণ করবে নির্বাচন কমিশন উল্লেখ করেন মন্ত্রী। বলেন, প্রধানমন্ত্রী, মন্ত্রী-প্রতিমন্ত্রী কেউই নির্বাচনের বিষয়ে কোন দায়িত্বে থাকবেন না। নির্বাচন কমিশন স্বাধীন ও নিরপেক্ষভাবে দেশে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করবে।

‘মুজিববর্ষের সফলতা, ঘরেই পাবেন সব ভাতা’ জাতীয় সমাজসেবা দিবসের প্রতিপাদ্যের প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, দেশের বয়স্ক, বিধবা, প্রতিবন্ধীসহ অসহায় অনগ্রসর জনগোষ্ঠীর কল্যাণে মানবতার জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছেন। এসব ভাতা প্রদানে অনিয়ম ও দুর্নীতি করা যাবে না। এ ভাতা তোলার আগে বা পরে কোন ঘুষ দিতে না হয়।

টাঙ্গাইলের জেলা প্রশাসক মোহাম্মদ আতাউল গনির সভাপতিত্বে অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম এমপি, মোহাম্মদ ছানোয়ার হোসেন এমপি, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারসহ অন্যরা বক্তব্য রাখেন।

এর আগে সমাজসেবা দিবস উপলক্ষ্যে কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাকের নেতৃত্বে সার্কিট হাউস থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠান শেষে ৫০ হাজার টাকা করে ২২৭ জনের মাঝে চেক ও ২০ জনের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়।

কৃষিমন্ত্রী/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *