নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের কাছে ব্যর্থ হয়ে বিএনপি ইতিহাস বিকৃত করছে। এমন মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
শনিবার রাজধানীর মিরপুরে বাংলা স্কুল ও কলেজে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
‘আমাদের স্বাধীনতা বাইচান্স চলে এসেছে’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়ের এমন বক্তব্যের জবাব দেন খালিদ মাহমুদ চৌধুরী। বলেন, বাইচান্স নেতা হচ্ছে খুনি জিয়াউর রহমান। যিনি বঙ্গবন্ধুকে হত্যা করে; রাষ্ট্র ক্ষমতা দখল করে। বঙ্গবন্ধুর খুনি ও স্বাধীনতা বিরোধীদের সাথে নিয়ে এদেশকে অন্ধকারে নিয়ে গিয়েছিল। মানুষের অধিকারকে হরণ করেছিল। বাংলাদেশকে পাকিস্তান বানানোর চেষ্টা করেছিল। স্বাধীনতা, মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের এগিয়ে যাওয়ার ইতিহাস বিকৃত করছে।
তিনি বলেন, সারাদেশে আওয়ামী লীগ নেতাকর্মীরা শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। যেমনটি তারা করোনা মহামারীর সময়ে মানুষের পাশে ছিল। অসহায় মানুষের পাশে আওয়ামী লীগ ছাড়া অন্য কোন রাজনৈতিক দলের নেতাকর্মীদের দেখা যায়নি।
নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগ জন্মলগ্ন থেকেই সাধারণ মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে। দেশের মানুষও আওয়ামী লীগের সাথে আছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের সাথে আছে। শেখ হাসিনা বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল। তিনি পদ্মাসেতু নির্মাণ করেছেন। শব্দহীন মেট্রোরেল উপহার দিয়েছেন। উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগের বিকল্প নাই।
এসময় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম এ মান্নান কচি, ওয়ার্ড কমিশনার আব্দুর রউফ নান্নুসহ অন্যরা বক্তব্য রাখেন।
খালিদ মাহমুদ/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply