২৪ মার্চ ২০২২ (নিউজ ডেস্ক): দেশের জনগণ আর সেই আগের অবস্থানে নেই যে চাইলেই কেউ ষড়যন্ত্রের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা ছিনতাই করে নিবে। এমনটাই বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার সকালে সচিবালয়ে তার নিজ দপ্তরে সাংবাদিকদের ব্রিফিংয়ে ওবায়দুল কাদের এ কথা বলেন।
তিনি বলেন, গণতান্ত্রিক উপায়ে বিএনপিসহ যে কোন রাজনৈতিক দলকেই জনগণের ম্যন্ডেট নিয়ে ক্ষমতায় যেতে হবে। সুতরাং আবারও নির্বাচন বর্জনের যে ধ্বংসাত্মক পথ বেছে নিয়েছে বিএনপি তা থেকে গণতান্ত্রিক পথে ফিরে আসার কোন বিকল্প নেই বলে জানান তিনি।
ওবায়দুল কাদের বলেন, এ সত্য আজ দিবালোকের মত স্পষ্ট যে বিএনপি একটি রাজনৈতিক দল হিসেবে সময়ের পরিবর্তনের সাথে জনগণের মনস্তাত্ত্বিক পরিবর্তনকে বুঝতে সক্ষম হয় নাই।
তিনি বলেন, গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতা পরিবর্তনের একমাত্র পন্থা হলো সাংবিধানিক বিধান অনুযায়ী অনুষ্ঠিত নির্বাচন।
বিএনপিকে তার অতীত দুস্কর্মের জন্য ক্ষমা চেয়ে রাজনীতি করার দাবি করতে হবে জানিয়ে তিনি বলেন, বিএনপি যখনই ক্ষমতায় এসেছে তখনই এদেশের গণতান্ত্রিক চেতনা ও অসাম্প্রদায়িক মূল্যবোধকে আহত করেছে।
সড়ক পরিবহন মন্ত্রী বলেন, ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নজিরবিহীন অত্যাচার-নির্যাতন চালানো হয়েছে। ধর্ষণকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। আওয়ামী লীগের ২১ হাজার নেতাকর্মীদের হত্যার পাশাপাশি হাজার হাজার নেতাকর্মীদের আহত করেছে। সেই নিষ্ঠুর সময়ের দুঃসহ স্মৃতি দেশবাসী এখনও ভুলে যায়নি।
তিনি বলেন, বিরোধী মতকে দমনের উদ্দেশে তারেক রহমানের প্রত্যক্ষ মদদে ২১ আগস্ট নারকীয় গ্রেনেড হামলা চালানো হয়। যার প্রাইম টার্গেট ছিল বাংলাদেশের গণতান্ত্রিক চেতনার কেন্দবিন্দু তৎকালীন বিরোধি দলীয় নেতা শেখ হাসিনা।
ওবায়দুল কাদের বলেন, আজকে সেইসব অমোচনীয় পাপের জন্য বিএনপিরই উচিত আওয়ামী লীগ এবং দেশবাসী বিশেষ করে শেখ হাসিনার কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়া।
ওবায়দুল কাদের/এসকেএম
আরও খবর পড়তে: http://artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply